প্রচারে কমিটি হয়নি লড়াইয়ে ছাড় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে মন্ত্রী-সাংসদসহ সরকারি সুবিধাভোগীদের প্রচারের সুযোগ না থাকায় কিছুটা বেকায়দায় পড়েছে সরকারি দল আওয়ামী লীগ। দলের একজন মন্ত্রী, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বসে নির্বাচনী-প্রক্রিয়া তদারক করছেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কমিটি গঠন করা হয়নি।
দলের নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে, দলীয় প্রতীকে হচ্ছে বলে আওয়ামী লীগ পৌরসভা নির্বাচনকে খুবই গুরুত্ব দিয়েছে। এটাকে তারা মর্যাদার লড়াই হিসেবে নিয়েছে। দলীয় প্রতীক ঠিক হয়ে গেলে একটি কমিটি গঠন করা হতে পারে। তবে মন্ত্রী-সাংসদেরা প্রচারে নেমে আচরণবিধি লঙ্ঘন করুক সেটা চান না দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এ জন্য যেসব কেন্দ্রীয় নেতা সরকারি সুবিধাভোগী নন তাঁদের নিজ নিজ এলাকায় প্রচারে পাঠানো হবে।
যুবলীগ তাদের সভাপতিমণ্ডলীর সদস্যদের নেতৃত্বে ২৪টি কমিটি গঠন করেছে। এসব কমিটি দলের প্রার্থীদের পক্ষে প্রচারের পাশাপাশি মাঠপর্যায়ের নেতা-কর্মীদের তদারক করবে। এর বাইরে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১৪ দলের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তবে কমিটির সদস্য কাঁরা এখনো তা ঠিক করা হয়নি।
কমিটিতে ১৪ দলের শরিক এবং আওয়ামী লীগের নেতারা থাকবেন। এই কমিটি যেখানে ১৪ দলের শরিকদের প্রার্থী আছে সেখানে যাতে জোটের প্রার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি না হয় তা দেখবে। যেখানে আওয়ামী লীগের একক প্রার্থী আছে, সেখানে সেই প্রার্থীর পক্ষে প্রচার চালাবে।
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, প্রচার-প্রচারণায় খুব বেশি ভোট বাড়বে এটা মনে করার কারণ নেই। তবে প্রচারে ঘাটতিও রাখা যাবে না। ওই নেতা বলেন, সরকারি দল হিসেবে এমনিতেই আওয়ামী লীগ মাঠপর্যায়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। দলের প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিদের। টাকাপয়সা খরচ করাও সমস্যা নয়। তাই নির্বাচনে আওয়ামী লীগ খারাপ ফল করবে না।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে পৌরসভা নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আলোচনা করতে গত বুধবার কেন্দ্রীয় কয়েকজন নেতাকে নিয়ে বৈঠক করেন। সেখানে তিনি নিজ দলের প্রার্থীদের বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
ওই বৈঠকে উপস্থিত এক নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই নির্বাচন নৌকা ও ধানের শীষের মধ্যে হবে। তাই কোনো রকম শৈথিল্য বা অবহেলা করার সুযোগ নেই। তিনি দলের প্রার্থী মনোনয়ন নিয়ে সন্তোষ প্রকাশ করে নেতাদের বলেছেন, সবাই দায়িত্ব নিয়ে কাজ করলে আওয়ামী লীগ ভালো ফল করবে।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পৌরসভা নির্বাচনে প্রার্থী মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, প্রচার-প্রচারণা কীভাবে হবে সেটা প্রতীক বরাদ্দ হলেই ঠিক করা হবে। আর আচরণবিধি যা আছে আওয়ামী লীগ তা মেনে চলবে। এখন তিনি এবং কেন্দ্রীয় নেতারা নির্বাচনী-প্রক্রিয়া তদারক করছেন।
আরও পড়ুন : প্রচারে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারাও