
চেনা-আচেনা মুখে সরগরম আওয়ামী লীগ কার্যালয়। নেতা-কর্মীরা আসছেন, যাচ্ছেন। ছোট ছোট দলে খোশগল্পে ব্যস্ত সবাই। কিন্তু তাঁদের মধ্যে নির্বাচন নিয়ে তেমন উচ্ছ্বাস নেই। এবারই প্রথম রংপুর সিটি করপোরেশন নির্বাচন হতে যাচ্ছে দলীয় প্রতীকে। তাই জাতীয় পার্টি-বিএনপিসহ অন্য দলগুলোর মধ্যে একটু বেশি প্রাণচাঞ্চল্য লক্ষণীয়। সেই তুলনায় সরকারি দল অনেকটা পিছিয়ে।
আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ বলছেন, প্রতীক বরাদ্দের পর মাঠে নামবেন। কারও ভাষ্য, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ চলছে। অথচ তফসিল ঘোষণার এক মাস আগে থেকেই আওয়ামী লীগের সম্ভাব্য ১৬ জন মেয়র প্রার্থী নগড়জুড়ে প্রচারাভিযানে ব্যস্ত ছিলেন। এসব প্রার্থী কর্মী-সমর্থকদের নিয়ে সভা সমাবেশ করেন। পোস্টার, ফেস্টুনে ছেয়ে যায় শহর। আর এখন একজন মনোনয়ন পাওয়ার পর আশা ভঙ্গ হলো অন্যদের।
রংপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান এ বিষয়ে প্রথম আলোকে বলেছেন, চলমান রাজনীতির সঙ্গে সক্রিয় কাউকে মেয়র প্রার্থী করা হলো না বলেই নির্বাচনী মাঠে নীরবতা নেমে এসেছে। তা ছাড়া দলের নেতা-কর্মীরা এখন চুপচাপ কেন? কোথায় কাজ করবেন, কীভাবে করবেন, তা নিয়ে তো কোনো দিকনির্দেশনাই নেই।
এ কথার বিপরীতে আশার বাণীও শুনিয়েছেন অনেকে। তাঁদের ভাষ্য, আওয়ামী লীগ বড় দল। যখন মাঠে নামবে, তখন শহরের চিত্রপট পাল্টে যাবে। এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান বলেন, পক্ষে-বিপক্ষে মতামত থাকতেই পারে। তবে এরই মধ্যে বিভিন্ন ওয়ার্ডের নির্বাচনী কমিটিগুলোর গঠনপ্রক্রিয়া শুরু হয়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতার অভিযোগ, সদ্য বিদায়ী মেয়র জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হলেও পাঁচ বছরে দলীয় কর্মকাণ্ডে তাঁকে পাওয়া যায়নি। নেতা-কর্মীদের হতাশার এটাই বড় কারণ।
গতকাল মঙ্গলবার শহরের নবাবগঞ্জ বাজার, পায়রা চত্বর, প্রেসক্লাব এলাকা, কাচারি বাজার, আদালত এলাকায় গিয়ে দেখা গেল একই আলোচনা। কাচারি বাজার এলাকায় কথা হলো মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রথীশ চন্দ্র ভৌমিকের সঙ্গে। তিনি বলেন, শুধু ব্যক্তি নয়, দলের সিদ্ধান্ত ও প্রতীকের সম্মান রক্ষার্থে অনেকের মধ্যে মান-অভিমান থাকলেও শেষমেশ ঠিকই নেমে পড়বেন সবাই।
মাঠপর্যায়ে ঘুরে জানা গেল, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। পাঁচ বছর মেয়র থাকাকালে তিনি কী কী উন্নয়নকাজ করেছেন, তা তুলে ধরছেন ভোটারদের কাছে।
নির্বাচনী মাঠে এখনো আওয়ামী লীগকে প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে না কেন, জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান বলেন, এখনো প্রতীক বরাদ্দ হয়নি। তা ছাড়া প্রতীক বরাদ্দের আগে প্রচারে নামলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হতে পারে। তাই প্রতীক বরাদ্দের পর জোরেশোরেই কাজ শুরু করা হবে।
আগামী ৩ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিন। ৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ।