নারায়ণগঞ্জ সদরের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে দলের সঙ্গে ছলচাতুরী ও প্রতারণার অভিযোগে বিএনপির ছয় নেতাকে তাঁদের স্ব স্ব পদ ও দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে নগরীর মাসদাইর এলাকার জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের বাসভবনের নিচতলায় মজলুম মিলনায়তনে কাশীপুর, গোগনগর, আলীরটেক, বক্তাবলী ও কুতুবপুর বিএনপি নেতাদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় ওই ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী, আলীরটেক বিএনপির সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আকবর, ফতুল্লা থানা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কুতুবপুরের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল আলম সেন্টু, একই ইউনিয়নের বিএনপির সহসভাপতি আলী আকবর ও গোগনগর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার জানান, ইউপি নির্বাচনে মনোনয়ন নিয়ে ছলচাতুরী করে কেউ ধানের শীষ নেননি। কেউবা ধানের শীষ প্রতীক চাননি। তাই ইউপি নির্বাচনে ছলচাতুরী ও প্রতারণার অভিযোগে ছয়জনকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাঁদের অব্যাহতি বহাল থাকবে। এ ব্যাপারে জেলা বিএনপির প্রতিবেদন দলের কেন্দ্রীয় মহাসচিবের কাছে পাঠানো হবে। এ বিষয়ে দলের কেন্দ্রীয় মহাসচিব চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তৈমুর আলম খন্দকার আরও জানান, ‘কুতুবপুর ইউপি নির্বাচনে ফতুল্লা থানা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল আলম সেন্টুকে ধানের শীষ প্রতীক নিতে বলা হয়েছে। কিন্তু তিনি ধানের শীষ প্রতীক না নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কুতুবপুর বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে আমাদের আহ্বান, আপনারা নৌকা প্রতীকে ভোট দেবেন না। ধানের শীষের সঙ্গে প্রতারণাকারী সেন্টুকে ভোট না দিয়ে সেই ভোট শীতলক্ষ্যা বুড়িগঙ্গায় ফেলে দিন।’
নারায়ণগঞ্জ সদরের ছয়টি ইউপি নির্বাচন ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। তিনটিতে ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপর তিনটির মধ্যে শুধু এনায়েতনগরে বিএনপির প্রার্থী রয়েছেন।