প্রতিটি নির্বাচনের আগেই বিএনপি মিথ্যাচার করেছে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করেছেন, প্রতিটি নির্বাচনের আগেই বিএনপি মিথ্যাচার করেছে। সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছে। তাদের সামনে সরকারের বিরুদ্ধে অভিযোগ করার কিছু নেই। তাই নির্বাচন নিয়ে ধোঁয়া তুলে জনগণ ও ভোটারদের কাছে সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে, মিথ্যাচার করছে।

পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে না বলে বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আলম হানিফ আজ রোববার দুপুরে কুষ্টিয়া শহরে নিজ বাড়ির সামনে সাংবাদিকদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বরিশাল সিটি নির্বাচনের দিন বিকেলে বিএনপি ভোট কাটাকাটি হয়েছে বলে অভিযোগ করে। পরে যখন ভোট গণনার ফলাফল বিএনপির অনুকূলে গেল, তখন তারা বলল ভোট সুষ্ঠু হয়েছে।’ তিনি বলেন, ‘বিএনপির এ ধরনের মিথ্যাচার করা অভ্যাস, পুরোনো অভ্যাস। এটা আমলে নেওয়ার কিছু নেই।’

এ সময় সেখানে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।