স্বাধীনতার ৪৬ বছর পর বাংলাদেশ কি সক্ষমতা হারিয়ে ফেলেছে? প্রতিটি ব্যাপারে ভারতের ওপর নির্ভরশীল হতে হবে? প্রতিটি ব্যাপারে ভারতের সহযোগিতা লাগবে? তাদের সমর্থন লাগবে?
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগর মহিলা দলের কর্মিসভায় এসব প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
নগরের কাজীর দেউড়ি এলাকার নাসিমন ভবন চত্বরে অনুষ্ঠিত এই কর্মিসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম। সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। এতে প্রধান অতিথি ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফাওয়াদ হোসেন, চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রমুখ।
বেলা সাড়ে তিনটায় কর্মিসভা শুরু হয়। ৪টা ৪০ মিনিটে সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বক্তৃতার সময় হঠাৎ মঞ্চ ভেঙে যায়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-নেত্রীরা মঞ্চ থেকে পড়ে যান। মিনিট দুয়েক পরে আবার সভা শুরু হলে বিদ্যুৎ চলে যায়। এতে আরও এক ঘণ্টা সভা বন্ধ থাকে।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, ‘দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের সামরিক বাহিনীর যে স্বকীয়তা ছিল, প্রধানমন্ত্রী সেটা দিয়ে এসেছেন। একটা স্বাধীন দেশের সামরিক বাহিনীর যে স্বকীয়তা থাকে, নিজ ধারণা থাকে, নিজ চিন্তা থাকে, নিজ দর্শন থাকে—আমাদের সেই প্রতিরক্ষা এখন ভারতের বলয়ে।’
নিরপেক্ষ সরকার ছাড়া এবং বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।