হরতাল ও অবরোধে সহিংসতায় প্রতিটি হত্যার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।
রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদের সামনে গতকাল বৃহস্পতিবার বিকেলে ১৪ দল আয়োজিত জনসভায় জোটের নেতারা এই হুঁশিয়ারি দেন। তাঁরা বলেন, খালেদা জিয়া এক বছর ধরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। এখন তিনি জনগণ ও সংবিধানের ওপর আক্রমণ শুরু করেছেন। তাঁর সঙ্গে এখন সন্ত্রাসী ও রাজাকার ছাড়া দেশের কোনো সাধারণ মানুষ নেই। প্রতিটি হত্যাকাণ্ডের জন্য তাঁর বিচার হবে। তিনি প্রতিটি হত্যার হুকুমের আসামি হবেন।
১৪ দলের নেতারা বলেন, গাড়িতে পেট্রলবোমা মেরে কোনো লাভ হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শান্তির জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৪ দলের নেতা-কর্মীরা সারা দেশে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করেছেন। সেই কমিটি বোমাবাজ-সন্ত্রাসীদের হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার নির্দেশে ৪৮ জন মারা গেছেন। শত শত মানুষ পেট্রলবোমায় দগ্ধ হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের হুকুমদাতাদের বিচার হবে।
জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসি হচ্ছে। এতে খালেদা জিয়ার গায়ে জ্বালা ধরেছে। তিনি অস্থির হয়ে গেছেন। মানুষকে পুড়িয়ে মারছেন। কিন্তু এর প্রতিটি হত্যার জন্য হুকুমের আসামি হিসেবে তাঁর বিরুদ্ধে মামলা হবে।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে খালেদা জিয়া সারা দেশের ৪৮টি শহীদ মিনার ভেঙেছেন। এ দেশের মাটি ও মানুষের প্রতি তাঁর কোনো দরদ নেই।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খালেদা জিয়া দেশের জন্য বিষফোঁড়া হয়ে গেছেন। তাঁকে বিতাড়িত করতে হবে। তা না হলে দেশ সুরক্ষিত হবে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ জাহাঙ্গীর কবির নানক বলেন, শান্তি-সমাবেশের একটাই কথা, ‘হটাও খালেদা, বাঁচাও দেশ’। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পলাশবাড়ী, মিঠাপুকুরের মানুষ আজ খালেদা জিয়ার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে।
মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) শেখ শহীদুল ইসলাম, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, গণ-আজদী লীগের এস কে শিকদার প্রমুখ।