প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় বিএনপি জোট
নির্দলীয় সরকারের অধীনে সবার অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল বুধবার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক এবং আজ বৃহস্পতিবার সকালে মহাসচিব পর্যায়ের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এ কথা জানানো হয়।
গুলশানের ওই কার্যালয়েই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিএনপির আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠার। এই সংগ্রাম, এই আন্দোলনের সফলতা সময়ের ব্যাপার মাত্র। বিএনপির নেতৃত্বাধীন জোট তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই সংগ্রাম অব্যাহত থাকবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার যে দমননীতি চালাচ্ছে জনগণ সময়মতো তার জবার দেবে।’
বিএনপির নেত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার বিষয়টি তাঁর ব্যক্তিগত বিষয়। এটি নিয়ে মন্তব্য করতে চাই না।’