কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের অভিযোগ, স্থানীয় সাংসদ টাকার লোভ দেখিয়ে নির্বাচন প্রভাবিত করছেন। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বলছেন, তাঁকে প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মো. জাফর আলী (আনারস মার্কা)। অপরজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পনির উদ্দিন আহমেদ (কাপ-পিরিচ মার্কা)। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ কেন্দ্রের কাছে তাঁকে বহিষ্কার করার সুপারিশ করেছে।
আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী বলেন, পনির উদ্দিন আগে জাতীয় পার্টি (জাপা) করতেন। উপজেলা নির্বাচনের সময় জাপা ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন ও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ওই পদ থেকে পদত্যাগ করে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান তাঁর (পনির) জন্য প্রচারণা চালাচ্ছেন। তিনি চেয়ারম্যান ও মেম্বারদের ডেকে এনে পনিরকে ভোট দেওয়ার শর্তে নগদ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এ ছাড়া টিআর ও কাবিটা প্রকল্পের বরাদ্দ দেওয়ারও প্রতিশ্রুতি দিচ্ছেন।
মোস্তাফিজুরের বিরুদ্ধে নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী নাজমুল হুদা গতকাল রোববার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে দুটি অভিযোগ করেন। লিখিত অভিযোগে তাঁরা বলেন, নির্বাচন আচরণবিধি অনুযায়ী সাংসদ ভোট চাইতে পারবেন না। অথচ ১০ দিন ধরে তিনি এলাকায় নানা অনুষ্ঠানের নামে জনপ্রতিনিধিদের সঙ্গে গণসংযোগ করছেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলামও এ বিষয়ে আরও একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে সাংসদ মোস্তাফিজুর মুঠোফোনে এসব অভিযোগ অস্বীকার করেছেন । পনির বলেন, প্রথম থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুসারী ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাঁকে প্রচার চালাতে বাধা দিচ্ছেন। কয়েকবার গাড়ি ভাঙচুর করেছেন। এ ছাড়া পোস্টার লাগাতে দিচ্ছেন না। লাগানো পোস্টার ছিঁড়ে ফেলছেন। গতকাল রোববারও তাঁরা রাজারহাট উপজেলা সদরে লাগান পোস্টার ছিঁড়ে ফেলেন। এ অবস্থায় তিনি গতকাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলীসহ কয়েকজনের বিরুদ্ধে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে দুটি অভিযোগ করেন।