প্রতিপক্ষের ভোটারদের কেন্দ্রে আসতে বাধা আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ সড়কের দাবিতে গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে মানববন্ধন করেন প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা l ছবি: প্রথম আলো
নিরাপদ সড়কের দাবিতে গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে মানববন্ধন করেন প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা l ছবি: প্রথম আলো

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে প্রতিপক্ষের এজেন্ট ও ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ওই প্রার্থী বহিরাগত লোকজনকে দিয়ে নির্বাচনে প্রভাব সৃষ্টি করেছেন। গতকাল শনিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। জালভোট দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে জরিমানা করেছেন।

গতকাল সকাল ৮টা ৪৫ মিনিটে সরেজমিনে দেখা যায়, ভাউপুর হাফিজিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের সবকটি প্রবেশপথের মোড়ে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুল মন্নানের টি-শার্ট পরা অনুসারীরা পাহারা বসিয়েছেন। কেবল নৌকা প্রতীকের ভোটারদেরই তাঁরা কেন্দ্রে যেতে সুযোগ দিচ্ছেন। দুপুর সাড়ে ১২টায় ওই কেন্দ্রের সারিতে জালভোট দেওয়ার জন্য দাঁড়ান বেশ কয়েকজন যুবক। পরে জেলা নির্বাচন কর্মকর্তা ও জ্যেষ্ঠ বিচারিক হাকিমের উপস্থিতিতে সাতজনকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পাঁচজনকে আটক করা হয়।

সকাল ৯টা ৩৩ মিনিটে ভাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যাওয়ার পথেও দেখা গেল একই দৃশ্য। ভোটকেন্দ্রের উত্তর-পশ্চিম পাশে বসে আছেন নৌকা প্রতীকের প্রার্থীর অনুসারীরা। ভোটকেন্দ্র ফাঁকা। আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী, আওয়ামী লীগ সমর্থিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের এজেন্ট ছাড়া আর কাউকে দেখা যায়নি। ভোটকেন্দ্রে অলস সময় পার করছেন নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। আর দূর থেকেই হাঁক ডাক দিচ্ছেন সিল মারতে আসা বহিরাগত লোকজন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘সকাল থেকেই কোনো ভোটার দেখছি না। এ কেন্দ্রে ১ হাজার ৯৭২ ভোট রয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরওয়ার মজুমদারের কোনো এজেন্ট নেই। তিনি এ কেন্দ্রের ভোটার। ধানের শীষসহ অন্য প্রার্থীদের খবরও নেই।’

সকাল ১০টা ৪৫ মিনিটে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, পুরো ভোটকেন্দ্রই ফাঁকা। কোনো ভোটার নেই।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার বলেন, ‘গত শুক্রবার রাত থেকেই বহিরাগতরা এলাকায় এসে হাজির হয়েছেন। আমি নিজে আওয়ামী লীগ করি। এভাবে কোনো ভোট হয় কি না, আমার জানা নেই।’ তবে আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুল মন্নান বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। যাঁদের জনসমর্থন নেই, তাঁরা এজেন্ট দেবে কোথা থেকে।’ মোড়ে মোড়ে কারা পাহারা দিচ্ছে? জানতে চাইলে তিনি বলেন, ‘এরা দলের কর্মী ও ভোটার।’