প্রতিবন্ধী ও ক্ষুদ্র জাতিসত্তার জন্য কোটা চান মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন । ফাইল ছবি
রাশেদ খান মেনন । ফাইল ছবি

প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে প্রতিবন্ধী ও ক্ষুদ্র জাতিসত্তার কোটা রাখার দাবি করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

আজ সকালে রাজধানীর ইস্কাটনে সুইড কনভেনশন সেন্টারে প্রতিবন্ধী নারী অধিকার-বিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি করেন সমাজকল্যাণমন্ত্রী।

নবম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সরকারি চাকরিতে কোনো কোটা না রাখার সুপারিশ করেছে সরকার গঠিত কমিটি। এ-সংক্রান্ত কমিটির প্রতিবেদন গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছে কমিটি। কমিটি নবম থেকে ১৩তম গ্রেডের সব পদে মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেছে। 

তবে সরকারি কমিটির এই সুপারিশের বিরোধিতা করেছেন মেনন।
সম্মেলনে মেনন বলেন, ‘বর্তমান সরকারের চলমান এসডিজি কর্মসূচির অন্যতম বার্তা হচ্ছে কাউকেই পেছনে ফেলে রাখা যাবে না। এ ক্ষেত্রে দেশের প্রায় ১৬ লাখ প্রতিবন্ধী ব্যক্তিকে পেছনে ফেলে রেখে আমরা উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছাতে পারব না। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের দেশেরই সন্তান। আমাদেরই কারও না কারও ভাইবোন বা আত্মীয় । সুতরাং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আমাদের নানাবিধ দায়িত্ব রয়েছে।’
মেনন বলেন, চলমান কোটা সংস্কার প্রক্রিয়ায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে সব কোটা বিলুপ্তির ক্ষেত্রে অসহায় প্রতিবন্ধী ও আদিবাসীদের জন্য সম্পূর্ণ কোটা তুলে নেওয়ার সময় এখনো হয়নি। কারণ প্রতিবন্ধী ব্যক্তিরা পরীক্ষায় ভালো ফলাফল করেও শুধু শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণেই ভাইভা থেকে বাদ পড়ে যান। সে ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোটা রাখা গেলে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের এগিয়ে যেতে সহায়ক হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নানা উদ্যোগ নেওয়া প্রসঙ্গে মেনন আরও বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সারা দেশে ১০৩টি প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র করা হয়েছে। হুইল চেয়ার, সাদাছড়ি অনেকটা বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে। এ ছাড়া দেশব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থেরাপি সেন্টার, অটিজম রিসোর্স সেন্টার করা হয়েছে।

অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য সরকারের নানা ধরনের ভাতা প্রদান প্রসঙ্গে মেনন বলেন, ২০০৮-০৯ অর্থবছরে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা খাতে জনপ্রতি মাসিক ২৫০ টাকা হারে ২ লাখ প্রতিবন্ধী ব্যক্তির জন্য বাজেট বরাদ্দ ছিল মাত্র ৬০ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরে মাথাপিছু মাসিক ৭০০ টাকা হারে ১০ লাখ ব্যক্তির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৮৪০ কোটি টাকা।
দৃষ্টিপ্রতিবন্ধী শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, প্রতিবন্ধীবিষয়ক চিন্তাবিদ জুলিয়ান ফ্রান্সিস, নিজেরা করির নির্বাহী পরিচালক খুশী কবির, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা-মিন-আরা, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম। বিজ্ঞপ্তি