প্রতিবাদ কর্মসূচি দেবে ২০ দল
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে কর্মসূচি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। আজ শনিবার রাতে জোটের সভায় এ সিদ্ধান্ত হয়। বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হলেও বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করা হয়নি। তবে শেষ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি দেওয়া হতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
রাতে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জোটের সভাপতি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, সভায় গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এর প্রতিবাদে কর্মসূচি দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিক্ষোভ কর্মসূচি দেওয়ার বিষয় আলোচনায় প্রাধান্য পেয়েছে। হরতালের মতো কর্মসূচির বিষয়ে খালেদা জিয়া নেতিবাচক মনোভাব দেখিয়েছেন। এ ছাড়া মানববন্ধন, স্মারকলিপি প্রদান, প্রতিবাদ সভার মতো কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। খালেদা জিয়া কর্মসূচি চূড়ান্ত করবেন। তিনি চূড়ান্ত করার পর কাল সোমবার তা ঘোষণা করা হতে পারে।
অন্য একটি সূত্র জানায়, একইদিন সারা দেশে কর্মসূচি না দিয়ে জেলা, উপজেলা পর্যায়ে আলাদা আলাদা কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবসের কর্মসূচি আছে। এরপর গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হতে পারে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে এলডিপির সভাপতি অলি আহমদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আব্দুল হালিম, ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান, জাতীয় পার্টির (কাজী জাফর) ফজলে রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন।