শরীয়তপুর জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার তিন বছর পর তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার একটি পক্ষ শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। অপর একটি পক্ষ শরীয়তপুর সরকারি কলেজ চত্বরে আনন্দ মিছিল করেছে।
দলীয় সূত্র জানায়, ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে শরীয়তপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ও সাংগঠনিক তৎপরতা না থাকায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ থেকে ২০১২ সালের ২ জুন ওই কমিটি ভেঙে দেয়। ২৫ ও ২৬ জুলাই জাতীয় সম্মেলনকে সামনে রেখে ২০ জুলাই শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এতে মহসিন মাদবরকে আহ্বায়ক, ইকবাল হোসেন ও রাশেদুজ্জামানকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
কমিটিকে স্বাগত জানিয়ে মহসিন মাদবরের সমর্থকেরা গতকাল শরীয়তপুর সরকারি কলেজ চত্বরে আনন্দ মিছিল করেন। আর কমিটি বাতিলের দাবি জানিয়ে একটি অংশ শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বক্তব্য দেন ফরহাদ খান, ভেল মুন্সি, সাদুজ্জামান এরশাদ, মাল ফকির, সোহাগ পাহার প্রমুখ।
শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ফরহাদ খান বলেন, তিন বছর কমিটি না থাকায় সংগঠনের অনেক ক্ষতি হয়েছে। এখন ছাত্রলীগের দায়িত্ব বিতর্কিত ব্যক্তিদের দিয়ে সংগঠনের আরও ক্ষতি হবে। এ কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
জানতে চাইলে মহসিন মাদবর বলেন, কর্মকাণ্ড মূল্যায়ন করে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ থেকে আহ্বায়ক কমিটি করা হয়েছে। এতে অনেকে খুশি হতে পারেনি। সংগঠনের সব কর্মীকে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সম্মেলন উপহার দেওয়ার কথা বলেন তিনি।