কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবির কারণে দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গত শনিবার পদত্যাগ করেছেন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক।
তিনি অভিযোগ করেন, তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে স্বজনপ্রীতি ও মোটা অঙ্কের টাকার বিনিময়ে দলীয় প্রার্থী নির্বাচন করা হয়। বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সহোদরকে করা হয়েছে আওয়ামী লীগের প্রার্থী।
গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভূরুঙ্গামারী উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টিতে পরাজিত হয় আওয়ামী লীগের প্রার্থীরা। এগুলোর মধ্যে তিনটিতে বিজয়ী হয়েছে জাতীয় পার্টি, দুটিতে বিএনপি এবং একটিতে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
পদত্যাগকারী নেতা এমদাদুল হক লিখিত অভিযোগে বলেন, ভূরুঙ্গামারী নৌকা মার্কার দুর্গ হিসেবে পরিচিত। তারপরও পরাজয় মেনে নেওয়া যায় না। মূলত উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ ও সাধারণ সম্পাদক নুরন্নবী চৌধুরী খোকনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি এবং তৃণমূল নেতা-কর্মীর মতামত উপেক্ষা করাই ভরাডুবির নেপথ্য কারণ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী খোকন তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তৃণমূলের দেওয়া মতামতের ভিত্তিতে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচন করা হয়। পরে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা কাজ না করায় পরাজয় বরণ করতে হয়। তাঁদের চিহ্নিত করে শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এমদাদুল হক পদত্যাগপত্রে সেসব অভিযোগ করেছেন, তা মনগড়া এবং ভিত্তিহীন।
অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ বলেন, প্রার্থী বাছাইয়ে কিছুটা ভুল ছিল। দু-একটি ইউনিয়নে নেতারা ঠিকমতো কাজ করেনি। এসব কারণে ফল খারাপ হয়েছে।