মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি প্রতিবিপ্লব ঘটাতে ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে।
গতকাল রোববার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে জেলহত্যা দিবস উপলক্ষে শহীদ এম মনসুর আলী স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন। এম মনসুর আলী স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম অর্থমন্ত্রী ছিলেন।
আমির হোসেন আমু বলেন, ‘৩ নভেম্বর বিকেল থেকেই কারাগারের পরিস্থিতি অন্য রকম ছিল। চার নেতাকে হত্যার আগে ঢাকায় প্রচার করা হয় সরকার তাঁদের সঙ্গে আলোচনা করবে। অথচ ভেতরে ভেতরে তাঁদের হত্যার সব পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।’ তিনি বলেন, ‘ঘটনার দিন আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারেই ছিলাম। আমার পাশের রুমগুলোতেই তাঁদের রাখা হয়েছিল। তাঁদের শুধু গুলিই করা হয়নি, মৃত্যু নিশ্চিত করতে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।’
আমু বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে তাঁর সবচেয়ে কাছের অনুসারী জাতীয় নেতাদের হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা ওই দিন আরেকটি প্রতিবিপ্লব সংঘটিত করার জন্য এ হত্যাকাণ্ড ঘটায়। তারা সাময়িকভাবে সফলও হয়েছিল। ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্ট একই সুত্রেই গাঁথা বলেও মন্তব্য করেন আমু।
সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম বলেন, ‘জাতীয় চার নেতা স্বাধীনতার প্রশ্নে সামন্যতম ছাড় দেননি। তাঁদের যখন খুনি মোশতাক প্রস্তাব দিয়েছিল—মিন্ত্রত্ব চাও না মৃত্যু? তখন তাঁরা আপস করতে পারতেন, কিন্তু করেননি। মৃত্যুর আগেও চার নেতা একসঙ্গে ছিলেন।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রমুখ।