নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নরসিংদী-৫ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদের সমর্থিত প্রার্থী আসাদুজ্জামান জয় পেয়েছেন। পক্ষান্তরে নরসিংদী-১ আসনের সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলামের সমর্থিত প্রার্থী আবদুল মতিন ভূঞা ৯১ ভোটে পরাজিত হয়েছেন।
গত বুধবার ওই নির্বাচনে ভোট নেওয়া হয়। ভোটের এ ফলে সাবেক মন্ত্রীর সমর্থকেরা উজ্জীবিত হলেও পানিসম্পদ প্রতিমন্ত্রীর অনুসারীরা দলীয় নিয়ন্ত্রণ ছাড়বেন না বলে জানিয়েছেন।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, নির্বাচনে জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দলের সাবেক জেলা সভাপতি আসাদুজ্জামান কেন্দ্রের সমর্থন পান। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মাঠে ছিলেন। দলীয় প্রার্থী হলেও আসাদুজ্জামান পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলামের সমর্থন পাননি। প্রতিমন্ত্রীর প্রার্থী ছিলেন মতিন ভূঞা। আসাদুজ্জামানের প্রতি সমর্থন ছিল সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিনের। ফলে নির্বাচনটি আসাদুজ্জামান বনাম মতিন ভূঞাকে ছাপিয়ে একপর্যায়ে বর্তমান ও সাবেক মন্ত্রীর মর্যাদার লড়াইয়ে পরিণত হয়। ভোটে নজরুল ইসলামের প্রার্থী ধরাশায়ী হওয়ায় তা জেলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ হওয়ার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরাজিত প্রার্থী মতিন ভূঞা বলেন, ‘ভোটাররা আমার ও মন্ত্রীর (নজরুল ইসলাম) সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কথা দিয়ে কথা রাখেননি। তবে পরাজিত হলেও দলীয় নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে। প্রতিপক্ষের কোনো নেতা নিয়ন্ত্রণে আসতে পারবেন না।’
ফল বিশ্লেষণে দেখা যায়, ১৫টি কেন্দ্রের মধ্যে ১০টিতে জয় পেয়েছেন আসাদুজ্জামান। এর মধ্যে নজরুল ইসলামের আসনের একটি ওয়ার্ডেও ৭ ভোট বেশি পান তিনি। মতিন ভূঞার পক্ষে নরসিংদী-৪ আসনের সাংসদ নুরুল মজিদ মাহমুদ প্রকাশ্যে কাজ করলেও তাঁর নির্বাচনী এলাকা বেলাব উপজেলার দুটি কেন্দ্রে হেরে যান তাঁর প্রার্থী। ওই আসনের আরেক উপজেলা মনোহরদীর একটি কেন্দ্রে মতিন ভূঞা জয়ী হন; অপর কেন্দ্রে দুই প্রার্থীই সমান ভোট পান। আরেক সমর্থক নরসিংদী-২ আসনের সাবেক সাংসদের এলাকায় বেশি ভোট পান মতিন ভূঞা। অপরদিকে রাজিউদ্দিন আহমেদের নির্বাচনী এলাকা রায়পুরার চারটি কেন্দ্রেই বিপুল ভোটে জয় পান তাঁর প্রার্থী আসাদুজ্জামান। আরেক সমর্থক নরসিংদী-৩ আসনের সাংসদ সিরাজুল ইসলাম মোল্লার নির্বাচনী এলাকার দুটি কেন্দ্র থেকে অনেক ভোট বেশি পেয়ে এগিয়ে থাকেন আসাদুজ্জামান।
জয়ী চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বলেন, ‘ভোটাররা শুধু আমাকে চেয়ারম্যান বানানোর জন্য ভোট দেননি, এই ভোট জেলার অপরাজনীতির বিরুদ্ধে গণরায়। এ রায়কে পুঁজি করে বঞ্চিত নেতা-কর্মীদের নিয়ে দল পুনর্গঠন করা হবে।’
এ নিয়ে কথা বলার জন্য গতকাল নজরুল ইসলাম ও রাজিউদ্দিন আহমেদের মুঠোফোনে ফোন করা হলেও কেউই ধরেননি।