প্রতিমন্ত্রীর সামনেই আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর চট্টগ্রাম নগরের সার্সন রোডের বাসভবন চত্বরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। শুক্রবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় আহতরা হলেন: আহমদ নূর ও ইউছুফ নূর। তাঁরা আপন দুই ভাই। আহমদ নূরকে একটি বেসরকারি হাসপাতালে এবং ইউছুফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, আমরা ঘটনা সম্পর্কে জানি না। কেউ আমাদের এই ঘটনা জানায়নি।
ঘটনাস্থলে উপস্থিত আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর বলেন, আনোয়ারার বরুমছড়া ইউনিয়নের আওয়ামী লীগের দুই পক্ষ রাতে মন্ত্রীর সঙ্গে দেখা করতে প্রতিমন্ত্রীর বাসায় আসেন। মূলত একটি সড়কের বিরোধ নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে দুই পক্ষের বৈঠক চলছিল। বৈঠকের একপর্যায়ে দুই পক্ষে কথা-কাটাকাটি হয়। এর পর হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন ইউসুফকে ছুরিকাঘাত ও আহমদকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে।
এ বিষয়ে জানতে প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি ফোন ধরেননি। পরে আবার চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।