প্রতিরোধ কমিটিকে প্রতিহত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়া পাড়া-মহল্লায় যে ‘প্রতিরোধ সংগ্রাম কমিটি’ গড়ার নির্দেশ দিয়েছেন, এটিকে ‘সন্ত্রাস জোরদার কমিটি’ অ্যাখা দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি এই প্রতিরোধ কমিটির সদস্যদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে হাছান মাহমুদ এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।
গতকাল সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় সন্ত্রাস প্রতিরোধে ২০-দলীয় জোটের নেতৃত্বে দেশের সব পাড়া-মহল্লায় প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধের মুখেই অবৈধ লুটেরা সরকারের পতন অনিবার্য।’
হাছান মাহমুদ বলেন, ‘মোল্লা ওমর বা নিষিদ্ধ সংগঠন আইএসের মতো বিএনপি বিবৃতি দিয়ে পাড়া-মহল্লায় প্রতিরোধ সংগ্রাম কমিটির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে। জিয়ার সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ প্রদানের মাধ্যমে প্রকৃতপক্ষে সন্ত্রাস জোরদার কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার মধ্য দিয়ে বিএনপি নেত্রী তাঁর দলের জঙ্গি-সন্ত্রাসীদের আরও জোরালোভাবে নিরীহ জনগণের ওপর পেট্রলবোমা হামলার ও নৈরাজ্যের নির্দেশনা দিয়েছেন। এ কমিটি মূলত সন্ত্রাসীদের নিয়ে গঠিত কমিটি। জনগণের প্রতি আহ্বান জানাব পাড়ায়-মহল্লায় এদের প্রতিহত করুন।’
বিএনপির নেত্রীর উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘আপনি যদি আবার আইন-আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, আইনের তোয়াক্কা না করে অতীতের ন্যায় এবারও অনুপস্থিত থাকেন, তাহলে সরকার আদালতের নির্দেশনা অনুযায়ী আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।’
হাছান মাহমুদ বলেন, ‘বেগম জিয়া ও তাঁর দল যদি সহিংসতার পথ পরিহার না করে, তাহলে তারাও একদিন হাওয়ায় মিলিয়ে যাবে। বিএনপির নেতা-কর্মীকে এখন রাস্তায় খুঁজে পাওয়া যায় না। ভবিষ্যতে তাঁদের দুরবিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক (টুকু), আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক বলরাম পোদ্দার, হাসিবুর রহমান (মানিক) প্রমুখ।