দমন-নিপীড়নের পথ ছেড়ে সরকারকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কখনোই প্রতিশোধের পথ বেছে নেবে না, বরং জাতীয় ঐক্যের চেতনাকেই প্রাধান্য দেবে।
গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন। বিবৃতিতে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও নির্বাহী কমিটির সদস্য শেখ ফরিদ আহমেদকে কারাগারে পাঠানো এবং উপদেষ্টা পরিষদের সদস্য শওকত মাহমুদকে গ্রেপ্তারের নিন্দা জানান তিনি।
খালেদা জিয়া বলেন, ‘উচ্চ আদালত থেকে জামিন লাভের পরও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে প্রবীণ নেতা এম কে আনোয়ার যখন কুমিল্লার একটি ষড়যন্ত্রমূলক মামলায় আদালতে আত্মসমর্পণ করেন, তখন তাঁর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনা আমাদের মর্মাহত করেছে।’ তিনি বলেন, সরকার যখন জাতীয় প্রেসক্লাবের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের যজ্ঞে লিপ্ত, তার বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজকে স্তব্ধ করার জন্যই সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে বলে অনেকেই বিশ্বাস করেন।