
সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইমরান আহমদ সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনের বর্তমান সাংসদ। এবারও তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। দশম সংসদ নির্বাচনের আগে তিনি জনগণের সেবা ব্যতীত অন্য কোনো প্রতিশ্রুতি দেননি বলে হলফনামায় দাবি করেছেন। তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার সাংসদ হিসেবে আইনগতভাবে সাধ্যমতো জনগণের সেবা এবং উন্নয়ন করেছেন বলেও তিনি হলফনামায় জানিয়েছেন।
হলফনামায় ৭-এর খ অংশে নির্বাচিত হওয়া ব্যক্তিদের ভোটারদের কাছে দেওয়া তাঁদের প্রতিশ্রুতি ও এর অর্জনগুলো উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। এ অংশে সিলেটের পাঁচজন সাংসদের প্রত্যেকেই ‘শতভাগ ভাগ সফল’ হয়েছেন বলে দাবি করেছেন।
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাংসদ ও জাতীয় পার্টির নেতা মো. ইয়াহ্ইয়া চৌধুরী হলফনামায় নির্বাচনের আগে দেওয়া তাঁর চারটি প্রতিশ্রুতির কথা হলফনামায় উল্লেখ করেছেন। এবারও তিনি জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন। ইয়াহ্ইয়ার দেওয়া প্রতিশ্রুতিগুলো হচ্ছে রাস্তা পাকাকরণ, স্কুল-কলেজ সরকারীকরণ ও নির্মাণ; মসজিদ, মন্দির, মাদ্রাসা উন্নয়নের কাজ; ব্রিজ, কালভার্ট, খাল খনন এবং সোলার প্যানেল, সড়কবাতি, রাস্তার মাটিভরাট, ইট সোলিং ও সিসি ঢালাই। সব কাজই তিনি সফলতার সঙ্গে শেষ করেছেন বলে দাবি করেছেন।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম উদ্দিন সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের বর্তমান সাংসদ। তিনি জানিয়েছেন, প্রতিশ্রুতির মধ্যে তিনি শিক্ষার মান উন্নয়নে ৯০ শতাংশ, রাস্তা সংস্কারে ৮০ শতাংশ, নদী ভাঙন প্রতিরোধে ৭৫ শতাংশ এবং গ্রামীণ অবকাঠামো সংস্কারে ৯০ শতাংশ সফল হয়েছেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ–উস–সামাদ চৌধুরী কয়েস সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের বর্তমান সাংসদ। এবারও তিনি মনোনয়ন পেয়েছেন। তিনি হলফনামায় ৬০টি প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন। এর মধ্যে ৫৭টি পূরণ করা হয়েছে বলে দাবি করেছেন। এর বাইরে একটি প্রতিশ্রুতির কাজ চলমান রয়েছে এবং অন্য দুটি প্রতিশ্রুতির কাজ সম্প্রতি শুরু হবে বলেও উল্লেখ করেছেন। যে দুটি কাজ সম্প্রতি শুরু হবে, সেগুলো হচ্ছে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়ক নির্মাণ এবং ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও-পালবাড়ি সড়ক নির্মাণ।
গত নির্বাচনের আগে মাহমুদ–উস–সামাদের প্রতিশ্রুতির মধ্যে ছিল নির্বাচনী এলাকার তিনটি উপজেলার ২৪টি প্রাথমিক বিদ্যালয়ে বেষ্টনী নির্মাণ, দক্ষিণ সুরমায় একটি টিচার্স ট্রেনিং সেন্টার নির্মাণ, দেড় হাজার নলকূপ ও গভীর নলকূপ স্থাপন, ১৮২টি ভূমিহীন পরিবারের মধ্যে খাসজমি প্রদান করে গুচ্ছগ্রাম নির্মাণ, ৭৯৯ হতদরিদ্র পরিবারের মধ্যে ঘর নির্মাণের জন্য নগদ টাকা ও ঢেউটিন বিতরণ, বাসিয়া নদী খনন, ১৪০টি ব্রিজ ও কালভার্ট নির্মাণ, জুড়ি নদী খনন উল্লেখযোগ্য। এসব কাজ তিনি সম্পন্ন করেছেন।
সাংসদ তাঁর প্রতিশ্রুতির মধ্যে নির্বাচনী এলাকার রাস্তাঘাট নির্মাণ, থানা ও হাসপাতালের উন্নয়ন, মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও অবকাঠামো নির্মাণ, সার কারখানা স্থাপন, কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠা, শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন, কৃষকদের সার, বীজ, ডিজেল, নগদ টাকা প্রদানসহ নানা কার্যক্রম পরিচালনা করেছেন বলেও হলফনামায় উল্লেখ করেছেন।
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পুনরায় নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটারদের কাছে দেওয়া তাঁর প্রতিশ্রুতি কত ভাগ সম্পন্ন করেছেন, তা জানা যায়নি।
সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। হলফনামায় প্রতিশ্রুতির কোঠায় তিনি উল্লেখ করেছেন, ‘আমার রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচেষ্টা নেওয়া এবং আমার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমানের উন্নতি সাধনে প্রচেষ্টা নেওয়া।’ অর্জনের ঘরে শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘বিগত নির্বাচনের ইশতেহার ও প্রতিশ্রুতি প্রায় শতভাগ অর্জিত হয়েছে। আমার নির্বাচনী এলাকার উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে এবং এলাকার জনগণের জীবনমানের প্রভূত উন্নতি সাধিত হয়েছে।’