প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে যান খালেদা জিয়া।
বেলা সোয়া ১১টার দিকে জিয়াউর রহমানের কবরে যান খালেদা জিয়া। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সেখানে ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাত করেন। এ সময় খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিষ্ঠাবার্ষিকীতে তাঁরা গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নিয়েছেন। খালেদা জিয়ার নেতৃত্বে এই আন্দোলনে বিএনপি সফল হবে। সরকার মানুষের অধিকার খর্ব করার পাশাপাশি বিরোধী দলের ওপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। এভাবে তারা বিএনপিকে নির্মূল করতে চায়। কিন্তু নির্যাতন, নিপীড়ন করে বিএনপিকে ধ্বংস করা যাবে না।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১ সেপ্টেম্বর দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সহধর্মিণী খালেদা জিয়া। তিনি এখন দলের চেয়ারপারসন। তাঁদের বড় ছেলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান।