প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির নানা কর্মসূচি
আজ ১ সেপ্টেম্বর বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে দলটি।
কর্মসূচি অনুযায়ী আজ সকাল ছয়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা।
ঢাকার বাইরে জেলা ও মহানগরগুলোতে স্থানীয়ভাবে সুযোগ-সুবিধা অনুযায়ী কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে নেতা-কর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
বাণীতে খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রীকে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের ঊর্ধ্বে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী করার জন্য বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার আইন পাশের তোড়জোড় চলছে। এটি প্রতিরোধ করার জন্য তিনি দলের সর্বস্তরের নেতা-কর্মী এবং দেশবাসীকে আন্দোলন-সংগ্রামের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকতে পারে না।