ভোলা জেলা বিএনপির সম্মেলন ১৮ ফেব্রুয়ারি। তবে সম্মেলনের বিরোধিতা করছে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা বিএনপির একটি পক্ষ। তারা ওই দুই উপজেলার দলের বর্তমান কমিটিকে অবৈধ উল্লেখ করে সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তারা সম্মেলন প্রতিহত করার ঘোষণাও দিয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় লালমোহন উপজেলা বিএনপির নেতা তোফায়েল আহমেদ, মো. ইউসুফ মিয়া, আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরাই মূলধারার বিএনপি। বিএনপির নেতা মেজর (অব.) হাফিজ সংস্কারবাদী। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ভয়ে তিনি গত ছয় বছর তাঁর নির্বাচনী এলাকায় আসেননি। এক-এগারো সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল করে তিনি আঁতাত করেছেন। আত্মীয়স্বজন নিয়ে ঢাকায় বসে তিনি তজুমদ্দিন ও লালমোহন উপজেলা বিএনপির ‘পকেট কমিটি’ গঠন করেছেন। তাই আগেও তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এসব কারণে তাঁদের বহিষ্কারেরও চেষ্টা করেন তিনি। মেজর হাফিজের এসব কর্মকাণ্ডের জন্য লালমোহন ও তজুমদ্দিন বিএনপির প্রায় ৫০ ভাগ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। অনেক নেতা-কর্মী এখন মূল বিএনপিতে থাকলেও মেজর হাফিজের সঙ্গে নেই। এ অবস্থায় হাফিজের পকেট কমিটি নিয়ে ১৮ ফেব্রুয়ারি জেলা সম্মেলন হচ্ছে। যদি এমন করার চেষ্টা করা হয়, তবে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সম্মেলন প্রতিহত করা হবে।’
তজুমদ্দিন উপজেলা বিএনপির নেতা নাসির উদ্দিন বলেন, সংস্কারবাদীদের অবৈধ পকেট কমিটির ডেলিগেট দিয়ে জেলা বিএনপির সম্মেলন হতে পারে না।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ বলেন, তারা (সংবাদ সম্মেলনের আয়োজনকারীরা) আওয়ামী লীগের বি টিম। তারা আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় এসব কর্মকাণ্ড করছে। তাদের বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
১৮ ফেব্রুয়ারি ভোলা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান বক্তা হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিনের উপস্থিত থাকার কথা রয়েছে।