প্রতিহিংসা থেকে মির্জা আব্বাসের পদ বাতিল: আসাদুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান রিপন। ফাইল ছবি
আসাদুজ্জামান রিপন। ফাইল ছবি

রাজনৈতিক প্রতিহিংসা থেকে বাংলাদেশ ব্যাংক মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের পরিচালকের পদ বাতিল করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।
আসাদুজ্জামান রিপন বলেন, কেন্দ্রীয় ব্যাংক দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ নিয়েছে। এটি একটি বাজে নজির। বিএনপি এর নিন্দা জানাচ্ছে।
বিএনপির মুখপাত্র আসাদুজ্জামানের ভাষ্য, মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। বাংলাদেশ ব্যাংক বলেছে, তিনি নাকি পল্টন থানার একটি মামলার পলাতক আসামি। বিষয়টি একেবারেই অসত্য। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের কাজ হলো আর্থিক খাতের তদারকি ও শৃঙ্খলা রক্ষা করা। গত ছয় বছরে তারা এ কাজে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, দলের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবদুল হাই, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।