প্রতীক না পেলেও প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে যাঁদের প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে সেসব চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য (নারী) পদের প্রার্থীরা এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন। প্রতীক বরাদ্দ না হওয়া সত্ত্বেও তাঁরা এলাকায় গণসংযোগ শুরু করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচ ইউপিতে চেয়ারম্যান পদে ৩১ জন, সংরক্ষিত সদস্যপদে ৬২ জন, সাধারণ সদস্য পদে ১৭৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।
গতকাল মঙ্গলবার সকাল নয়টায় কুর্শা ইউপির রহিমাপুর মধ্যপাড়া গ্রামে দেখা হয় ওই ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী তুহিনুর ইসলামের সঙ্গে। তিনি ওই গ্রামের ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতীক না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করিনি, যেহেতু নির্বাচনে দাঁড়িয়েছি, তাই ভোটারদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করছি।’
সয়ার ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আবদুল ওহাব সরকার বলেন, ‘একাধিকবার ভোটে জয়ী হয়ে প্রতিনিধি হয়েছি। এবারই আমার জীবনের শেষ ভোট। এবারও ভোটাররা আমাকে নিরাশ করবে না।’
ইকরচালী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী জিয়াউর রহমান বলেন, ‘এখনো প্রতীক পাইনি। কিন্তু আবার যে ভোট করছি তা জানান দেওয়ার জন্য প্রতীক পাওয়ার আগেই এলাকার মানুষের কাছে যাচ্ছি ও দোয়া চাচ্ছি।’
ইকরচালী ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থী লাবণী বেগম নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকেই এলাকার মানুষের কাছে যাচ্ছেন। তিনি বলেন, ‘ভোটের বেশি সময় নেই। তাই প্রতীক পাওয়ার আগেই মানুষের কাছে ছুটছি।’
গত সোমবার সকালে হাজীপুর গ্রামে দেখা যায়, ইকরচালী ইউপির একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী আমেনা বেগম প্রচারণায় ব্যস্ত। এ সময় তিনি বলেন, ‘ভোট করতে গেলে এলাকায় ঘুরতে হয়। নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে যেখানেই যাচ্ছি সেখানেই পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি।’
হাড়িয়ারকুঠি ইউপির জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী সৈয়দ আলী বলেন, ‘বাছাইয়ের পর্বটি শেষ। হাতে সময় কম, তাই মার্কার আশায় বসে না থেকে এলাকায় ঘুরছি। ভোটারদের সঙ্গে আলাপ-আলোচনা করছি।’