প্রতীক নিয়ে প্রচারণায় নামলেন প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নৌকা প্রতীক পেয়েছেন। বুধবার নগরের টাউনহল মিলনায়তনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ছবি: এমদাদুল হক।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নৌকা প্রতীক পেয়েছেন। বুধবার নগরের টাউনহল মিলনায়তনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ছবি: এমদাদুল হক।

প্রতীক পাওয়ার পর প্রচারণায় নেমেছেন কুমিল্লা সিটি করপোরেশনের চারজন মেয়র পদপ্রার্থীসহ মোট ১৫৮ জন প্রার্থী। আজ বুধবার কুমিল্লা টাউন হল মিলনায়তনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ দেওয়া নিয়ে পুরো টাউন হল মাঠ মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী এবং তাঁদের অনুসারীদের পদচারণে মুখর হয়ে ওঠে।

সকাল সাড়ে ১০টায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রথমে মেয়র পদে প্রতীক বরাদ্দ দেওয়ার পর নগরের ২৭টি সাধারণ ওয়ার্ড ও নয়টি সংরক্ষিত ওয়ার্ডে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. মনিরুল হক ধানের শীষ প্রতীক পেয়েছেন। ছবি: এমদাদুল হক।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. মনিরুল হক ধানের শীষ প্রতীক পেয়েছেন। ছবি: এমদাদুল হক।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর নগরের কান্দিরপাড় এলাকায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. মনিরুল হক ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে মাইকিং শুরু করেন। কান্দিরপাড় লিবার্টি মোড় ও ভিক্টোরিয়া কলেজ সড়কে ধানের শীষের পোস্টার টাঙানো হয়। অপর দিকে বেলা তিনটায় নগরের বাদুড়তলা এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে মাইকিং করা হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার পর আঞ্জুম সুলতানা সীমা প্রথম আলোকে বলেন, ‘৩০ মার্চ নৌকা প্রতীকের পক্ষে কুমিল্লার জনগণ রায় দেবে।’ মো. মনিরুল হক বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন ও শান্তিপূর্ণ কুমিল্লা নগর গঠনের জন্য মানুষ আবারও আমাকে ভোট দেবেন। আমার কাছে কাজের জন্য এসে কেউ ফেরত যাননি।’

বিকেল পাঁচটায় কুমিল্লা নগরের রামঘাট এলাকা থেকে নৌকা প্রতীকের পক্ষে মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।