মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভায় আজ বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও ভোট দিতে মুখিয়ে আছেন ভোটাররা। প্রতীক নয়, প্রার্থী দেখে ভোট দেবেন বলে তাঁরা জানিয়েছেন।
গতকাল বুধবার পৌরসভার গোবিন্দল, বিনোদপুর, বকচর, আঙ্গারিয়া, গোলড়া, আজিমপুর ও চর আজিমপুর এলাকায় অন্তত ২৫ জন ভোটারের সঙ্গে কথা হয়। প্রতীক বা দল নয়, যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন বলে তাঁরা জানান।
চর আজিমপুর গ্রামের দুবাইপ্রবাসী আতিক হাসান (২৮) সম্প্রতি দেশে ফিরেছেন। তিনি বলেন, ‘যিনি পক্ষপাতিত্ব না করে পৌর এলাকার সুষম উন্নয়ন করবেন, তাঁকেই ভোট দেব।’
এখানে আওয়ামী লীগের প্রার্থী আবু নাঈম মো. বাশার (নৌকা), এই দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন সাবেক মেয়র মীর মো. শাহজাহান। বিএনপির প্রার্থী খোরশেদ আলম ভূঁইয়া (ধানের শীষ)। এ ছাড়া খেলাফত মজলিসের আশরাফ আলী দেয়ালঘড়ি, স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন নারকেলগাছ ও হাফিজ উদ্দিন মোবাইল ফোন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিএনপি, আওয়ামী লীগ ও দলটির ‘বিদ্রোহী’ প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ছয়জন মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত রোববার প্রচারণাকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জামাল উদ্দিন ব্যাপারী মারা যাওয়ায় এই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। এই ওয়ার্ডে আরও দুজন কাউন্সিলর প্রার্থী রয়েছেন।
ঝুঁকি ও নিরাপত্তা: পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ১০টি কেন্দ্রে আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া হবে। সব কটি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ঘোষণা করেছে পুলিশ প্রশাসন। তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন।
সিঙ্গাইর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান গতকাল সন্ধ্যায় বলেন, ১০টি কেন্দ্রে ১০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৬১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১২২ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।