নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম দফা নির্বাচনে ভোট আজ মঙ্গলবার। দলীয় প্রতীকে এই প্রথম ইউপি নির্বাচন হলেও ‘যোগ্য প্রার্থীর’ বিষয়টিও বিবেচনায় নিচ্ছেন ভোটাররা।
গত রোববার সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার তিনটি ইউপির অন্তত ১০টি গ্রামের বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
১ নম্বর মেন্দিপুর ইউপির বোয়ালি গ্রামের বাসিন্দা কৃষক মো. মজলিশ মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা গ্রামের মানুষ। রাজনীতি অত বুঝি না। এলাকায় যে ভালো কাজ করবে, যারে যোগ্য মনে হবে, আর সব সময় যারে কাছে পাব, তারেই ভোট দেব।’
পাশের নূরপুর গ্রামের গৃহিণী বিউটি রানী বলেন, ‘আমাদের এলাকাটি হাওর এলাকা। যিনি রাস্তাঘাটের উন্নয়ন করবেন, মাস না হোক, বছরে যার একবার হলেও দেখা পাব, তারেই ভোট দেব।’
এই ইউপিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও আওয়ামী লীগ ও বিএনপির দুজন করে ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন।
২ নম্বর চাকুয়া ইউপির লেপসিয়া গ্রামের রহমত মিয়া বলেন, ‘এবারের নির্বাচন দলীয়ভাবে হলেও ভোট দেব প্রার্থীদের যোগ্যতা দেখেই।’
এই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা। এই দুই পক্ষের সমর্থকদের মধ্যে সম্প্রতি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ খালিয়াজুরী থানায় পাল্টাপাল্টি মামলা করেছে। এখানে বিএনপির প্রার্থী ছাড়াও আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
৩ নম্বর খালিয়াজুরী সদর ইউপির ভোটার আলামীন শেখ বলেন, ‘আমরা গরিবের লাইগা সব দলই সমান। সবাই টেহা খরচ করে নির্বাচন করে নিজেরা ধনী অওনের লাইগা। তবুও ভোটটা দিতে অইব, মন্দের ভালো মাইনসেরে।’
আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ছাড়াও এই ইউপিতে আওয়ামী লীগের একজন ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। এ ছাড়া ৪ নম্বর নগর ও ৫ নম্বর কৃষ্ণপুর ইউপিতে তিনজন করে ছয়জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একজন করে বিদ্রোহী রয়েছেন। ৬ নম্বর গাজীপুর ইউপিতে আওয়ামী লীগ ও বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ছয়টি ইউপিতে মোট ভোটার ৬৩ হাজার ৫০৩ জন। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত সদস্য পদে ৭১ জন ও ২০৪ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।