ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে গতকাল শনিবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২০ মার্চ এ পৌরসভায় ভোট নেওয়া হবে। মেয়াদ পূর্ণ না হওয়ায় গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে ভাঙ্গায় ভোট হয়নি।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আবু ফয়েজ মো. রেজা নৌকা, বিএনপির প্রার্থী ওয়াহিদুজ্জামান ধানের শীষ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত মো. আসাদুজ্জামান পাখা এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবুল ফজল নারকেলগাছ ও আবু জাফর মুন্সী জগ প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে শেখ সখিনা মোস্তফা ভ্যানিটি ব্যাগ, জান্নাতুল ফেরদৌসি কাঁচি, সাহিদা জামান পুতুল ও হোসনে আরা বেগম আঙুর প্রতীক পেয়েছেন। ২ নম্বর ওয়ার্ডে অনিতা রানী দাস হারমোনিয়াম, আনজুমান আরা কাঁচি ও ফাতেমাতুজ জোহরা গ্যাসের চুলা পেয়েছেন। ৩ নম্বর ওয়ার্ডে নীলিমা আক্তার কাঁচি, কুলসুম বেগম মৌমাছি ও পারুলী আক্তার গ্যাসের চুলা প্রতীক পেয়েছেন।