মাদারীপুরের কালকিনি উপজেলার পরিচিতি ছিল আওয়ামী লীগের দুর্গ হিসেবে। গত শনিবার চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সেই দুর্গের ১২টি ইউপির মধ্যে ৭টিতেই বিজয়ী হয়েছেন দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা।
উপজেলার ১৫টি ইউপির মধ্যে দুটিতে সীমানা নির্ধারণের জটিলতার কারণে নির্বাচন হয়নি। একটিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১২টি ইউপিতে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগ ও এর বিদ্রোহী প্রার্থীদের মধ্যে।
স্থানীয় ভোটাররা বলছেন, দলের ত্যাগী নেতাদের মনোনয়ন না দেওয়ায় তাঁরা দলীয় প্রতীক ছেড়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এ ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রশাসনের পক্ষপাত ও নানামুখী তৎপরতা, নৌকায় ভোট দেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শনসহ বিদ্রোহী প্রার্থীদের প্রচারণায় বাধা ও সমর্থকদের ওপর হামলার মতো বিষয়গুলো তাঁরা সহজভাবে নিতে পারেননি। এ ক্ষেত্রে নৌকা প্রতীকের ওপর বিশেষ দুর্বলতা থাকলেও বিকল্প বেছে নেওয়া ছাড়া তাঁদের উপায় ছিল না।
ভোটের দিন বিকেলে কয়ারিয়া ইউপির টুকরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দাঁড়ানো কয়েকজন ভোটারের সঙ্গে কথা হয়। এর মধ্যে টুকরাকান্দি গ্রামের দেলোয়ার হোসেন (৬০) আক্ষেপ করে বলেন, ‘ভাই জীবনে কহনো অন্য মার্কায় ভোট দিই নাই। এইবার বাধ্য হইয়া আনারসে ভোট দিসি। কেন্দ্র টাহা দেইখ্যা নমিনেশন দিসে। ওপর থ্যিকা ভুল করলেও আমরা করি নাই।’
এর কিছুক্ষণ আগে একই ইউপির পাশের একটি কেন্দ্রে অতর্কিত হামলা চালিয়ে ৩০০ ব্যালট পেপার ছিনিয়ে নেয় কয়েকজন যুবক। তাদের বাধা দিতে গিয়ে পুলিশের একজন এসআইসহ তিনজন আহত হন। তবে শেষ পর্যন্ত ওই ইউপিতে ৩৪৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা কামরুল হাসান।
এদিকে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা ছিল আলীনগর ইউপিতে। সেখানে নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রার্থী সাহীদ পারভেজের সমর্থকেরা বিপক্ষের প্রার্থীদের দাঁড়াতেই দেননি। এমনকি ভোটের আগের দিন সন্ধ্যায় ব্যাপক বোমাবাজিসহ বিদ্রোহী প্রার্থী হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন তাঁরা। এর আগে হাফিজুর রহমানের বাড়িতে হামলার ঘটনাও ঘটে। নির্বাচনে হাফিজুর রহমান প্রায় হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন।
নির্বাচনের আগের দিন ওই এলাকা পরিদর্শনে গেলে সেখানে এক ভোটার ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমগো ভোট আমরা দিমু। তয় বাইরের লোকজন অস্ত্রপাতি লইয়া আইয়া কয় নৌকায় ভোট দিতে। আমরা তো নৌকারই লোক। তয় আমগোর ওপর এত জুলুম ক্যান?’
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, ‘যাঁরা আওয়ামী লীগের সমর্থক হয়েও নৌকা প্রতীকে ভোট দেননি কিংবা নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছেন তাঁদের দলের প্রতি কমিটমেন্টের অভাব আছে।’