প্রত্যাখ্যানের পর বহিষ্কার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা ছাত্রদলের কেন্দ্রঘোষিত কমিটি জেলা ছাত্রদলের একাংশের প্রত্যাখ্যানের পর কেন্দ্র থেকে তিন নেতাকে সাময়িক বহিষ্কার এবং এই বহিষ্কারকে চ্যালেঞ্জ করে গত রোববার আদালতে মামলা হয়েছে। মামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদককে বিবাদী করা হয়েছে।
জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর স্থগিত থাকার পর কেন্দ্রীয় ছাত্রদল গত ২৩ এপ্রিল ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ১১ সদস্যের আংশিক জেলা কমিটি ঘোষণা করে। ঘোষিত কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেকের বিরুদ্ধে ছাত্রত্ব না থাকা, বিবাহিত ও অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকাসহ নানা অভিযোগ তুলে পরদিন সন্ধ্যায় পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দেন পুরোনো কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি হাসিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম এবং তাঁদের সমর্থকেরা। এই ঘোষণার পরদিন ২৫ এপ্রিল শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে আনোয়ার হোসেন, হাসিবুল ইসলাম ও মহিদুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক একরামুল হাসান স্বাক্ষরিত চিঠির মারফত উল্লেখিত তিন নেতাকে বহিষ্কার করা হয়। এ ঘোষণার তিন দিন পর অর্থাৎ গত রোববার বিকেলে বহিষ্কৃত নেতা মহিদুল ইসলাম বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করে যুগ্ম জেলা জজ হারুন উর রশিদের আদালতে মামলা করেন। আদালত অভিযোগ গ্রহণ করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক একরামুল হাসান ও দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারীকে আগামী ১৩ জুনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী মহিদুল ইসলাম বলেন, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কাউকে সাময়িক বহিষ্কারের আগে কারণ দর্শানো নোটিশ দিতে হয়। অভিযুক্ত নেতা ২১ দিনের মধ্যে এ নোটিশের জবাব দেন। জবাব সন্তোষজনক না হলে তখন তাঁকে সাময়িক বহিষ্কারের সুযোগ থাকে। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। গঠনতন্ত্র না মেনে নতুন কমিটির নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে বহিষ্কার করা হয়েছে।
মামলার আইনজীবী মাহফুজ হোসেন বলেন, ‘প্রতিটি সংগঠনের গঠনতন্ত্র রয়েছে। গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালনা করার কথা। কিন্তু তিন নেতার বহিষ্কারাদেশের বেলায় কেন্দ্রীয় ছাত্রদলের গঠনতন্ত্রের ২৫ ধারাকে উপেক্ষা করা হয়েছে। আদালত আমার আবেদন গ্রহণ করে বিবাদীদের কাছে ব্যাখ্যা তলব করেছে।’
নতুন কমিটির সভাপতি আবদুল কাদের ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, ‘গঠনতন্ত্র মেনেই বহিষ্কার করা হয়েছে। আদালতেই সেটা প্রমাণ হবে।’
কমিটি ঘোষণার পরদিন পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ক্ষুব্ধ নেতা-কর্মীরা বলেন, ঘোষিত কমিটির সভাপতি আবদুল কাদের বাস টিকিট বিক্রেতা ও ছাত্র নন। সাধারণ সম্পাদক মনিরুজ্জামান অতীতে ছাত্রলীগের রাজনীতি করতেন। কমিটির অন্যরাও বেশির ভাগই অছাত্র, বিবাহিত, জমির দালাল কিংবা বিদ্যুৎ-মিস্ত্রি। অথচ কমিটিতে ত্যাগী, নির্যাতিত ও প্রকৃত ছাত্রদের রাখা হয়নি। তাই এ কমিটি প্রত্যাখ্যান করে প্রকৃত ছাত্রসহ ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান নেতা-কর্মীরা।
গত ২৫ এপ্রিল প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘কেন্দ্রঘোষিত কমিটি প্রত্যাখ্যান পঞ্চগড় জেলা ছাত্রদলের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।