প্রত্যাশা পূরণ ও দাম্ভিকতার পতন: আ.লীগ
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন প্রথম আলোকে বলেন, এই দুই যুদ্ধাপরাধীর রায় কার্যকরের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি বলেন, সাকা চৌধুরী ও মুজাহিদ যুদ্ধাপরাধ করার পরও দাম্ভিকতা করে গেছেন। আজ তাঁদের এই দম্ভ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। প্রমাণিত হয়েছে, ব্যক্তি যত শক্তিশালীই হোক না কেন, আন্তর্জাতিক যত মুরব্বি থাকুক, কেউ আইনের ঊর্ধ্বে নন। অপরাধের শাস্তি তাঁকে পেতেই হবে।
নূহ-উল-আলম লেনিন বলেন, এই দুই যুদ্ধাপরাধী প্রাণভিক্ষার আবেদনের পর কারও কারও মনে কিছুটা শঙ্কা ও অবিশ্বাস দেখা দিয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি জাতির প্রত্যাশা ও সর্বোচ্চ আদালতের রায় সমুন্নত রেখেছেন। এর ফলে রুদ্ধশ্বাস পরিবেশের অবসান হয়েছে। এর মাধ্যমে অন্য যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের পথেও এক ধাপ এগোনো গেল।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, দুই যুদ্ধাপরাধী মৃত্যুর আগে অপরাধের কথা স্বীকার করেছেন, এটা দেশবাসীর অর্জন, বিজয়। তবে তাঁদের অপরাধ ছিল ক্ষমার অযোগ্য। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একজন মুক্তিযোদ্ধা। তিনি এ দেশের মানুষের অনুভূতি ও প্রত্যাশার কথা বিবেচনায় নিয়ে সাকা চৌধুরী ও মুজাহিদকে ক্ষমা করেননি। শহীদের আত্মা শান্তি পেয়েছে।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, দুই যুদ্ধাপরাধীর রায় কার্যকরের মাধ্যমে ইতিহাসে একটা নতুন অধ্যায় রচিত হয়েছে।