শপথ নেওয়ার পর গতকাল শনিবার চট্টগ্রামে ফিরে নগরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করলেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে তাঁকে সংবর্ধনা দেয় নাগরিক কমিটি।
মেয়র নির্বাচিত করায় নগরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আ জ ম নাছির। তিনি বলেন, ‘নগরবাসী যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে, আমি সে প্রত্যাশা পূরণ করব। নগরবাসীর এই অর্পিত দায়িত্ব শতভাগ সততা, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পালন করব। নগরের সমস্যাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে একটি একটি করে সমাধান করা হবে। এ জন্য আপনাদের (নগরবাসী) সহযোগিতা, সমর্থন ও পরামর্শ চাই।’
নির্বাচন করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আ জ ম নাছির বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, চট্টগ্রামের আগামী দিনের উন্নয়নে যা যা করা প্রয়োজন, তা আমি তোমার মাধ্যমে করব।’
সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা ছাড়াও সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরা উপস্থিত ছিলেন। সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী অসুস্থতার জন্য সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হতে পারেননি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির চেয়ারম্যান ইসহাক মিয়া, সাংসদ এম এ লতিফ ও শামসুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও আ জ ম নাছিরের প্রধান নির্বাচনী এজেন্ট মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও ইব্রাহিম হোসেন বাবুল প্রমুখ।
গতকাল বিকেল চারটার দিকে বিমানে করে চট্টগ্রামে আসেন আ জ ম নাছির উদ্দিন। প্রায় আধা ঘণ্টা ভিআইপি লাউঞ্জে অবস্থান করার পর বিকেল সাড়ে চারটার দিকে লাউঞ্জ থেকে বের হয়ে ট্রাকের ওপর তৈরি করা সংবর্ধনা মঞ্চে যান। অনুষ্ঠানে নগরের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্রাকবহর নিয়ে বিমানবন্দর এলাকায় উপস্থিত হন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে আ জ ম নাছিরকে বহনকারী ট্রাক ও গাড়িবহর বিমানবন্দর থেকে বের হয়ে ভিআইপি সড়ক, বিমানবন্দর সড়ক, শেখ মুজিব সড়ক ঘুরে ওয়াসা মোড়ের জমিয়াতুল ফালাহ ময়দানে এসে শেষ হয়।
বিমানবন্দর থেকে গাড়িবহর বের হওয়ার সময় মূল সড়ক থেকে বিমানবন্দরগামী প্রায় ২০ মিনিট গাড়ি চলাচল করতে পারেনি। এ সময় অনেককে মালপত্র ও ব্যাগ নিয়ে হেঁটে বিমানবন্দর যেতে দেখা যায়। গাড়িবহরের কারণে সিমেন্ট ক্রসিং থেকে নেভি গেট পর্যন্ত রাস্তার এক পাশে আধা ঘণ্টার মতো যানজট সৃষ্টি হয়।