প্রথম দিনে ১৫০ প্রার্থী চূড়ান্ত করেছে জাপা
পৌরসভা নির্বাচনের জন্য মেয়র পদে প্রথম দিনেই দেড় শ প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ রোববার দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করা হয় এবং তাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়।
আজ সন্ধ্যায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রথম আলোকে বলেন, সকাল থেকে পৌরসভায় মেয়র পদে তাঁদের ৪১০টি ফরম বিক্রি হয়েছে। একই দিন তাঁরা ১৫০ জন প্রার্থী চূড়ান্ত করেছেন। কাল সোমবার আবারও তাঁরা প্রার্থী চূড়ান্ত করার কাজ শুরু করবেন।
আজ সকাল থেকে জাপার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। পরে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ সময় জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ দলের জ্যেষ্ঠ নেতা ও সাংসদেরা উপস্থিত ছিলেন।
জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া আগে প্রথম আলোকে বলেছিলেন, ২৩৬টি পৌরসভা নির্বাচনের সব কয়টিতে জাপা প্রার্থী দেবে।