চেয়ারম্যান প্রার্থীর নাম পাঠানোর শেষ দিন আজ
প্রথম ধাপের ইউপি নির্বাচন নিয়ে আ.লীগের নির্দেশনা
প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রতিটির জন্য চেয়ারম্যান পদে একজন করে প্রার্থীর নাম পাঠাতে তৃণমূলকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গতকাল রোববার দলটির দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত প্রার্থীর নাম দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
আগামী ২২ মার্চ থেকে সারা দেশে পর্যায়ক্রমে ইউপি নির্বাচন শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউপি নির্বাচনেও পৌর নির্বাচনের মতো দলীয় প্রার্থী বাছাই ও মনোনয়নে দুই স্তরের বোর্ড করা হয়েছে। চেয়ারম্যান পদের প্রাথমিক প্রার্থী বাছাই করবে ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে গঠিত তৃণমূলের বোর্ড। দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৮ সদস্যের মনোনয়ন বোর্ড চূড়ান্ত মনোনয়ন দেবে। চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থী দলীয় প্রতীক পাবেন। চেয়ারম্যান পদে প্রার্থীর নাম পাঠানোর শেষ দিন আজ সোমবার।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানায়, সারা দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপি রয়েছে এবং নির্বাচন হবে পর্যায়ক্রমে। কিন্তু তৃণমূলের নেতারা প্রথম ধাপে নির্বাচন হবে না—এমন ইউপির জন্যও প্রার্থী বাছাই শুরু করে দিয়েছেন।