
নড়াইলের লোহাগড়া পৌরসভায় এই প্রথম মেয়র পদে কোনো নারী প্রার্থী হয়েছেন। আগামী ৭ আগস্ট এ নির্বাচনে ভোট নেওয়া হবে। এতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লিপি খানম (৪৪) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারী ভোটারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নারীনেত্রীরা মনে করছেন, লিপি খানম মেয়র পদে নির্বাচন করছেন, এটি ইতিবাচক ও সাহসী পদক্ষেপ। ভোটারদের কাছে যাওয়া, নির্বাচনী লড়াইয়ে নানা সমস্যা মোকাবিলা করা, পুরুষ প্রার্থীদের বিরুদ্ধে লড়াইয়ে টিকে থাকা—এসব বাস্তব অভিজ্ঞতা তাঁকে অনেক দূর এগিয়ে নেবে। এটি দেখে অন্য নারীরা তাঁদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও সাহসী হয়ে উঠবেন।
পৌরসভা সূত্র জানায়, ২০০৩ সালে লোহাগড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এখানে এবার মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের একজন বিএনপির প্রার্থী নেওয়াজ আহম্মেদ ঠাকুর। তিনি বর্তমান মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি। এ ছাড়া নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য শরিফুল ইসলাম ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, লোহাগড়া পৌরসভায় মোট ভোটারের অর্ধেকের বেশি নারী। এখানে মোট ভোটার ২০ হাজার ৬৩৬ জন। এর মধ্যে ১০ হাজার ৫৯২ জন নারী এবং ১০ হাজার ৪৪ জন পুরুষ।
পৌরসভায় নারী ভোটার বেশি হওয়ায় লিপি খানম জয়ের ব্যাপারে আশাবাদী। বিএনপির প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে মেয়র পদে তাঁর প্রতিদ্বন্দ্বিতাকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে মনে করেন তিনি। লিপি খানম বলেন, ‘নির্বাচনের মাঠে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। ভোটে না এলে জীবনের একটা বড় অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতাম। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি। ভোটারদের কাছে যাচ্ছি। সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারেও আশাবাদী।’