পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার মেয়র পদে সাতজন প্রার্থীর মধ্যে একমাত্র নারী মেয়র প্রার্থী রাবেয়া খাতুন। তিনি ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছেন। রাবেয়া খাতুন কুয়াকাটা পৌরসভার প্রথম নির্বাচনে প্রার্থী হওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। কুয়াকাটার অনেক নারী ভোটার তাঁকে ‘অবহেলিত নারীর অধিকার ও নারী জাগরণের প্রতীক’ মনে করেন।
রাবেয়া খাতুনের পরিবারের সদস্যরা জানান, তিনি কামেল পাস করেছেন। এ ছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে সম্মান পাস করেছেন। কচ্ছপখালী গ্রামে নিজের তৈরি পথশিশুদের একটি বিদ্যালয়ে বিনা বেতনে পড়ান তিনি। ২০১২ সালে ন্যাশনাল পিপলস পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং এনপিপির বরিশাল জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ-বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে মেয়র পদে তাঁর প্রতিদ্বন্দ্বিতাকে উপকূলীয় এ জনপদের তৃণমূল পর্যায়ের রাজনীতিতে ইতিবাচক দিক হিসেবেই দেখছেন নারীরা।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুয়াকাটা গ্রামের বাসিন্দা রিনা ইমতিয়াজ বলেন, ‘কুয়াকাটার মতো জায়গায় মেয়র পদে একজন নারী প্রার্থী হয়েছেন, এটা আমাদের জন্য সুসংবাদ। একজন নারী হিসেবে এতে আমি আনন্দিত।’ ৬ নম্বর ওয়ার্ডের নবীনপুর গ্রামের মনোয়ারা বেগম বলেন, ‘নারীর ক্ষমতায়নে মেয়র পদে একজন নারীর প্রতিদ্বন্দ্বিতাকে স্বাগত জানাই।’
রাবেয়া খাতুন প্রথম আলোকে বলেন, ‘গ্রামীণ জনপদের নারীরা নানা দিক থেকে অবহেলিত। শিক্ষা-স্বাস্থ্যসেবার সুবিধা এরা মোটেও পায় না। ধর্মীয় গোড়ামির কারণে নারীর চলার পথ একটা সময় গিয়ে থেমে যায়। এককথায় জীবন কী—উপকূলের নারীরা তা উপলব্ধি করতে পারে না। নারী হিসেবে কুসংস্কার ভেঙে আমরাও যোগ্যতা-দক্ষতার সঙ্গে যে সমানতালে লড়তে পারি, তা প্রমাণ করার জন্যই নির্বাচনে দাঁড়িয়েছি।’ নিজেকে রাজনৈতিক কর্মী উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের প্রধানসহ সমাজের প্রতিটি স্তরে নারীদের অবস্থান এখন অনেক উঁচুতে। কুয়াকাটায় নারী নিপীড়ন ও যৌন হয়রানি, মাদকমুক্ত সমাজ, সুষ্ঠু রাজনীতি, দলমত-নির্বিশেষে নারীর অধিকার সুনিশ্চিত করাই আমার কাছে বড় হবে। আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পৌরসভাকে গড়ে তুলতে পারব।’
রাবেয়া আরও বলেন, ‘সবাই যাঁর যাঁর দল এবং রাজনীতি নিয়ে কথা বলেন। আমি অবহেলিত নারীদের কথা বলতে চাই, তাদের নিয়ে কাজ করতে চাই।’