প্রথম নির্বাচনেই প্রার্থী দিতে পারল না জাতীয় পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির ‘দুর্গ’ হিসেবে পরিচিত রংপুরের নবগঠিত পীরগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনেই জাতীয় পার্টির (এরশাদ) মেয়র প্রার্থী নেই। দলের ভাষ্য, নির্বাচনী লড়াইয়ে উপযুক্ত ব্যক্তি না থাকায় প্রার্থী মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। এদিকে জাপার প্রার্থী না থাকায় দলের নেতা-কর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন।
এখানে আওয়ামী লীগ, বিএনপি, নাগরিক কমিটির প্রার্থীসহ চারজন মেয়র পদে লড়ছেন। এ ছাড়া ১০ জন সংরক্ষিত এবং ৪৭ জন সাধারণ সদস্যসহ নির্বাচনে ৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পীরগঞ্জে দলের পক্ষ থেকে কোনো প্রার্থী মনোনয়ন না দেওয়া প্রসঙ্গে দলের জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতা বলেন, নির্বাচনের শুরুতে প্রার্থী হতে কেউ কেউ আগ্রহী হয়েছিলেন। কিন্তু শেষে এসে কেউ আর প্রার্থী হতে চাননি।
উপজেলা জাতীয় পার্টির এক সদস্য স্কুলশিক্ষক সোলায়মান আলী বলেন, পৌরসভা নির্বাচনে যদি দল প্রার্থী দিতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে দলের অবস্থা কী হবে তা তো বোঝাই যাচ্ছে। প্রার্থী না হওয়ার বিষয়ে জেলা কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, পৌরসভার এই আসনটি হলো গুরুত্বপূর্ণ। কেননা এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা। সেই সঙ্গে জাতীয় সংসদের স্পিকার এখান থেকে সাংসদ হয়েছেন। এসব কারণে এখানে দলের পক্ষ থেকে প্রার্থী না দেওয়ার জন্য ওপর মহলের নির্দেশও থাকতে পারে। জেলা জাতীয় পার্টির সদস্যসচিব ও সাবেক সাংসদ আসিফ শাহরিয়ার বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী দুজনকে বাছাই করা হলেও শেষমেশ তাঁরা আর কেউ প্রার্থী হতে চাননি।
এদিকে পীরগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন বেশ জমে উঠেছে। প্রার্থীদের প্রচারণার মাইকের শব্দে মাত্র দুই বর্গকিলোমিটার আয়তনের ছোট্ট এই পৌরসভা এলাকা এখন সরগরম। আর পরিবেশ হয়ে উঠেছে উৎসবমুখর। প্রার্থীদের পক্ষে প্রচারণা আকর্ষণীয় করে তুলতে নানা ধরনের গানের প্যারোডি করে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে। প্রার্থী ও তাঁদের প্রতীকের গুণকীর্তন করে চলছে প্রচারণা।
৭ আগস্ট পীরগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন। নির্বাচনে মেয়র পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের তাজিমুল ইসলাম (নৌকা), বিএনপির শহিদুল ইসলাম (ধানের শীষ), নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী কাজী লুমুম্বা (জগ) ও স্বতন্ত্র প্রার্থী পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান (নারকেলগাছ)। পৌরসভার ভোটার ১২ হাজার ৯৩৭ জন।
রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ অনুকূলে রয়েছে। কোনো প্রার্থীর কোনো অভিযোগ নেই।