
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়ন ভেঙে এবার চকরাজাপুর নামে নতুন একটি ইউনিয়ন করা হয়েছে। পদ্মা নদীর ওপারে আলাদা রয়ে গেছে গড়গড়ী ইউনিয়ন। নতুন ইউনিয়নে এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন নিয়ে এখানে পড়ে গেছে সাজ সাজ রব। নতুন ইউনিয়ন হওয়ায় এলাকাবাসীর অনেক স্বপ্ন এই নির্বাচনকে ঘিরে। কিন্তু এরই মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে ভাঙচুর, অভিযোগ-পাল্টা অভিযোগ।
চররাজাপুর ইউনিয়নের প্রথম এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডিএম বাবুল মনোয়ার। বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল আযম। অবশ্য তাঁকে এরই মধ্যে দলের সব পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এদিকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মোজাম্মেল হক।
গতকাল রোববার চকরাজাপুর এলাকায় গিয়ে দেখা যায়, এরই মধ্যে এলাকায় নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। নির্বাচন এলাকাবাসীর মধ্যে নানা প্রত্যাশা তৈরি করেছে। নির্বাচন হলে ইউনিয়ন পরিষদে বরাদ্দ আসবে। তারা সেই বরাদ্দের সুফল ভোগ করবে। এলাকার উন্নয়ন হবে।
সরেজমিনে দেখা যায়, ইউনিয়নটিতে পাকা রাস্তার লেশমাত্র নেই। গৃহবধূ নাজমা বেগম বলেন, রাস্তা নেই, ঘাট নেই। একজন সন্তানসম্ভবা মায়ের প্রসবব্যথা উঠলে তাঁকে তক্তায় শুইয়ে মাথায় করে হাসপাতালে নিতে হয়। বর্ষার সময় নৌকা ছাড়া পারাপারের কোনো ব্যবস্থা থাকে না। একটি খেয়া ছেড়ে গেলে পরের খেয়ার জন্য বসে থাকতে হয়। এই গৃহবধূ আশা করছেন, নির্বাচন হলে এবার তাঁদের দুঃখ কিছুটা ঘুচবে।
নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথা বলছিলেন চকরাজাপুরের ভোটার আবদুল লতিফ। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ পদ্মা নদীর ওই পারে। কোনো কাজে যাওয়াটা মুখের কথা না। সারা দিনের খ্যাপ। নতুন ইউনিয়নে এবার প্রথম ভোট হচ্ছে। নতুন ইউনিয়ন পরিষদ হবে। এখন অন্তত হেঁটে ইউনিয়ন পরিষদে যেতে পারবেন বলে তাঁর প্রত্যাশা। তবে নিজের দল আওয়ামী লীগ থেকে দুজন প্রার্থী হওয়ায় তিনি কিছুটা হতাশ। দলের লোকজনের মধ্যে মারামারি হচ্ছে।
চকরাজাপুর স্কুল মাঠে রাখা বাঁশের বাতা দিয়ে তৈরি একটি নৌকায় গত শুক্রবার সন্ধ্যার পরে আগুন দেওয়া হয়েছে। গতকাল দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, নৌকাটি যে কাপড় দিয়ে ছাওয়া ছিল, পুড়ে যাওয়া সেই ছাউনিটি স্কুল মাঠে পড়ে রয়েছে। আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাবুলের সমর্থক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবদুস সালাম অভিযোগ করেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজিজুল আযমের লোকজন এই নৌকায় আগুন দিয়েছেন। স্থানীয় মুক্তিযোদ্ধাদের কার্যালয়ে আরও একটি নৌকা রাখা ছিল। সেটিও তাঁরা ভেঙে ফেলেছেন। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তাদের পাঁচ কর্মী আহত হয়েছেন।
এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলীও একই অভিযোগ করেন। তিনি বলেন, নতুন ইউনিয়ন নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। তাঁর নিজের দল ক্ষমতায় রয়েছে। দলীয় প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় অনেক উন্নয়ন হতো। কিন্তু দল থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তিনি অশান্তি সৃষ্টি করছেন।
গত ২৩ এপ্রিল রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন, কামরুজ্জামান, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীসহ অনেক নেতা এসে বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের ঘোষণা দিয়ে গেছেন। তারপর তিনি আরও বেশি বিশৃঙ্খলা তৈরি করছেন। আব্দুস সালাম নামের তাঁদের এক সমর্থকের বাড়িতে হামলাও চালানো হয়েছে। এসব ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে বিদ্রোহী প্রার্থী আজিজুল আযম বলেন, ওই (নৌকা) প্রতীকের প্রতি তিনিও শ্রদ্ধাশীল। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে হয়তো আনারস প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন। কিন্তু তিনি বা তাঁর সমর্থকেরা নৌকা প্রতীকে আগুন দেননি বা ভাঙচুর করেননি। তিনি বলেন, পুলিশের কাছে ওই পক্ষ আনারসের লোকেরা আগুন দিয়েছে বলে অভিযোগ করেছে। কিন্তু কে দিয়েছে, তার নাম বলতে পারেনি।
বাঘার পুরোনো গড়গড়ী ইউনিয়ন ভেঙে এবার পদ্মা নদীর চরের ৪৬ দশমিক ৪৭২ বর্গকিলোমিটার এলাকা নিয়ে চকরাজাপুর ইউনিয়ন করা হয়েছে। নদীর ওপারে গড়গড়ী ইউনিয়ন আলাদা রয়ে গেছে। নতুন ইউনিয়নের জনসংখ্যা ২০ হাজার ৪৭২ জন। এর মধ্যে ভোটার প্রায় সাড়ে ৮ হাজার। ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, গতকাল রোববার প্রার্থী বাবুল মনোয়ারের ভাই শাহীন দেওয়ান হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।