প্রধান আসামি ছাত্রলীগ নেতা সুলেমান ভারতে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের জিন্দাবাজারে ব্যবসায়ী মামুন বক্স (২৬) হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি সুলেমান চৌধুরীকে দুই মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি ভারতে পালিয়ে গেছেন।
গত ১৬ আগস্ট দুপুরে জিন্দাবাজারে মোটরসাইকেল পার্ক করাকে কেন্দ্র করে একটি বিপণিবিতানের নিরাপত্তাকর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন ছাত্রলীগ নেতা সুলেমান। নিরাপত্তাকর্মীকে রক্ষা করতে গিয়ে সুলেমানের ছুরিকাঘাতে নিহত হন মামুন। নগরের জল্লারপাড়ের বাসিন্দা মামুন এলিগেন্ট শপিং মলের ব্যবসায়ী ছিলেন।
ঘটনার পরপরই মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ জিন্দাবাজার এলাকার সব ব্যবসায়ীকে নিয়ে টানা আন্দোলন কর্মসূচি পালন করে। এ সময় ব্যবসায়ীরা বিপণিবিতানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা ছাত্রলীগ নেতা সুলেমানের ভিডিও ফুটেজ কোতোয়ালি থানা-পুলিশকে দেন। পরে মামুনের বাবা আনোয়ার বক্স বাদী হয়ে সুলেমানসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
সুলেমানের বাড়ি সিলেটের কানাইঘাটে। তিনি জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহসভাপতি পদে ছিলেন। ঘটনার দিনই কেন্দ্রীয় ছাত্রলীগ সুলেমানকে স্থায়ী বহিষ্কার করে। মামলা হওয়ার পর কোতোয়ালি থানা-পুলিশের একটি দল সুলেমানের বাড়ি পর্যন্ত একাধিক অভিযান চালিয়েও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। ২৬ আগস্ট মামলাটির তদন্তভার কোতোয়ালি থানা-পুলিশ থেকে গোয়েন্দা পুলিশে স্থানান্তর হয়।
তদন্তসংশ্লিষ্ট মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সুলেমান নগরের টিলাগড় এলাকায় বসবাস করতেন। তবে ঘটনার পরপরই তিনি কানাইঘাটের নিজ বাড়িতে চলে যান। মামুনকে ছুরিকাঘাতের ভিডিওচিত্র পুলিশের হাতে যাওয়ার পর সুলেমান ভারতে পাড়ি জমিয়েছেন বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছে পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সুলেমানের ভারত চলে যাওয়া এবং সেখানে কোন জায়গায় অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
গতকাল শনিবার যোগাযোগ করলে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ এ ধরনের কোনো তথ্য তাঁদের কাছে নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘সুলেমান কোথায় আছেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা শুধু জানি সুলেমানসহ আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশ তৎপর রয়েছে।’
মামুন হত্যাকাণ্ডে প্রতিবাদী বিভিন্ন কর্মসূচি পালনকারী ব্যবসায়ীদের সংগঠন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরাও শুনেছি, সুলেমান পালিয়ে ভারতে চলে গেছেন। এ বিষয়ে আমরা মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তাদের জানিয়েছি।’