
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুল মান্নান হত্যা মামলার প্রধান আসামি সজীব দত্ত ও তাঁর বড় ভাই দেবাশীষ দত্ত গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার পৃথক অভিযানে নওগাঁ ও ঢাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক সজীব দত্তকে গতকাল ভোরে নওগাঁ শহর থেকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল ভোরেই নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। পরে দুপুরে তাঁকে গ্রেপ্তারের পুরো প্রক্রিয়া বর্ণনা করেন পুলিশ সুপার ফারহাত আহমেদ।
ফারহাত আহমেদ বলেন, ১১ জুলাই মান্নান খুন হওয়ার পর সজীব দত্ত আত্মগোপনে চলে যান। তবে পরদিন দিবাগত রাতে তাঁর ফেসবুক আইডিতে একটি নতুন পোস্ট পাওয়া যায়। ওই পোস্টের সূত্র ধরে সজীব দত্তের অবস্থান শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির আশ্রয় নেয় পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রথমে তাঁর অবস্থান পঞ্চগড়ের বোদা উপজেলায় শনাক্ত করা হয়। পরে সজীব দত্তের অবস্থান দিনাজপুরে শনাক্ত করা হয়। কিন্তু সেখানে অভিযান চালিয়ে তাঁকে পাওয়া যায়নি। তিনি দ্রুত অবস্থান পরিবর্তন করছিলেন। পাশাপাশি মুঠোফোনসহ সিম কার্ডও বদলে ফেলছিলেন। সজীব দত্তের সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয় নওগাঁয়। এ তথ্যের ভিত্তিতে নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকায় অসীম দত্তের বাড়িতে গতকাল ভোরে অভিযান চালায় ঠাকুরগাঁও থানা-পুলিশের একটি দল। অভিযানে সহায়তা করে নওগাঁ পুলিশ। ভোর সাড়ে চারটার দিকে ওই বাড়ি থেকে সজীব দত্তকে পাকড়াও করা হয়।
গতকাল বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখার সময় পুলিশ সজীব দত্তকে নিয়ে ঠাকুরগাঁওয়ের পথে ছিল।
এদিকে গতকাল বিকেলে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে সজীব দত্তের বড় ভাই দেবাশীষ দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
মান্নান হত্যা মামলার এজাহারভুক্ত অপর আসামি ঠাকুরগাঁও পৌর যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মারুফ আলী ওরফে শান্ত। তাঁকেও দু-এক দিনের মধ্যে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছেন পুলিশ সুপার। তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে বলা যেতে পারে, এ মামলায় ঠাকুরগাঁও শহরের গুরুত্বপূর্ণ আরও অনেকের নাম চলে আসতে পারে।’
১১ জুলাই রাতে ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাট এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হন আবদুল মান্নান। তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক ছিলেন। মানববন্ধন, স্মারকলিপি
ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ গতকাল শহরে মানববন্ধন কর্মসূচি পালন করে। শহরের চৌরাস্তায় এ কর্মসূচিতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনেওয়াজ কাদির শাকিল চৌধুরী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ্, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালা, পৌর কমিটির সভাপতি ইমরান হোসেন প্রমুখ। বক্তারা স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুল মান্নানের হত্যার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধন শেষে একই দাবিতে নেতারা জেলা প্রশাসক আবদুল আওয়াল ও পুলিশ সুপার ফারহাত আহমেদকে স্মারকলিপি দেন।