প্রধান দুই পদে খালেদা ও তারেককে অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের নির্বাচিত হওয়াকে অনুমোদন দিয়েছে দলটির কাউন্সিল। আজ শনিবার বিকেলে দলের কাউন্সিল অধিবেশনের এই অনুমোদন দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে এই কাউন্সিল অধিবেশন এখনো চলছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত খালেদা জিয়া ও তারেকের নাম উল্লেখ করলে কাউন্সিলররা হাত তুলে একে সমর্থন জানান।
অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আওয়ামী লীগের প্রথম মেয়াদের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল, মানবতাবিরোধী অপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের মৃত বিশিষ্ট ব্যক্তিদের জন্য শোক জানানো হয়।
আজ সকালে বিএনপি ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন খালেদা জিয়া। দ্বিতীয় পর্বে দলটির কাউন্সিল অধিবেশন শুরু হয় বিকেল সাড়ে চারটার দিকে।