ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ের মাধ্যমে প্রধান বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক হাছান মাহমুদ। এই সাংসদের দাবি, প্রধান বিচারপতি রাগ-বিরাগের বশবর্তী হয়ে নিজের শপথ ভঙ্গ করেছেন। এই পদে থাকারও যোগ্যতা হারিয়েছেন তিনি। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে। সভায় হাছান মাহমুদ বলেন, প্রধান বিচারপতি সংবিধান মেনে চলবেন এবং কোনো রাগ-বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না বলে শপথ নিয়েছিলেন। কিন্তু ষোড়শ সংশোধনীর রায়ে এই মামলায় যাঁরা পক্ষ নন, তাঁদের পক্ষ বানিয়েছেন প্রধান বিচারপতি। নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ বানিয়েছেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। এতে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম প্রমুখ বক্তব্য দেন।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।