প্রধান বিচারপতিকে আক্রমণ করে দেওয়া বক্তব্য 'লজ্জার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতারা বলেছেন, প্রধান বিচারপতি এস কে সিনহার বক্তব্যে সরকার বেকায়দায় পড়েছে। এখন ক্ষমতাসীনরা সংসদ ও সংসদের বাইরে প্রধান বিচারপতিকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন। এ ধরনের বক্তব্য ‘জাতির জন্য লজ্জাজনক’।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এবং নয়াপল্টনে পৃথক এক অনুষ্ঠানে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য দেন।

জাতীয় প্রেসক্লাবের আলোচনায় হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হেয় করার জন্য একের পর এক মামলা দিচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, খালেদা জিয়া কি ফেরারি? তাঁর কি পরিচয় নেই? তিনি তিনবারের প্রধানমন্ত্রী এবং মুক্তিযোদ্ধা। তাঁর বাড়ির গেটে সমন না টানিয়ে সম্মানজনক ব্যবস্থা করা কি যেত না?

বিএনপির এই নেতা বলেন, মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে রাষ্ট্রদ্রোহিতার লেশ মাত্র নেই। তিনি নিজেই একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের কল্যাণে তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছেন।

অল কমিউনিটি ফোরাম নামের একটি সংগঠন এ আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন।

এর আগে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীর দোয়া ও মিলাদ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ‘অবসর গ্রহণের পর বিচারকদের রায় লেখা বেআইনি ও অসাংবিধানিক’- প্রধান বিচারপতি এস কে সিনহার এ বক্তব্যে সরকার বেকায়দায় পড়েছে।

প্রধান বিচারপতির বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন, তাঁর এই বক্তব্য লাখ লাখ মানুষের মনের প্রতিধ্বনি। এ বক্তব্য জনমনে আশার সৃষ্টি করেছে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, কোকো ছিলেন রাজনীতির বাইরের মানুষ। কিন্তু তিনি রাজনীতির নির্মম শিকার। তিনি বলেন, ‘আমরা এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আছি। কোনো কথা না বললেও আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হচ্ছে। সুরঞ্জিত সেনগুপ্ত প্রধান বিচারপতিকে কথা কম বলতে ধমক দিয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, সুয়োমটোও হয়নি।’

বিএনপির চেয়ারপারসনকে জেল ও আদালতের বারান্দার ভয় দেখানোর কথা উল্লেখ করে শামসুজ্জামান দুদু তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে বুঝে-শুনে কথা বলার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই দিন শেষ দিন নয়, সামনে আরও দিন আসবে। তখন আপনার ঠাঁই কোথায় হবে?’

পরে আরাফাত রহমানের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক মোনাজাত পরিচালনা করেন। এ সময় বিএনপির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

গত বছরের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় মারা যান।