প্রধান বিচারপতিকে আক্রমণ করে বক্তব্য লজ্জার: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এস কে সিনহার বক্তব্যে সরকার বেকায়দায় পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। তাঁরা বলেছেন, এখন ক্ষমতাসীনেরা সংসদ ও সংসদের বাইরে প্রধান বিচারপতিকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন। এ ধরনের বক্তব্য জাতির জন্য লজ্জাজনক।
গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীর দোয়া ও মিলাদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘অবসর গ্রহণের পর বিচারকদের রায় লেখা বেআইনি ও অসাংবিধানিক’—প্রধান বিচারপতি এস কে সিনহার এ বক্তব্যে সরকার বেকায়দায় পড়েছে। তিনি প্রধান বিচারপতির বক্তব্যকে সমর্থন করে বলেন, তাঁর এই বক্তব্য লাখ লাখ মানুষের মনের প্রতিধ্বনি। এ বক্তব্য জনমনে আশার সৃষ্টি করেছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, কোকো ছিলেন রাজনীতির বাইরের মানুষ। কিন্তু তিনি রাজনীতির নির্মম শিকার। তিনি বলেন, ‘আমরা এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আছি। কোনো কথা না বললেও আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হচ্ছে। সুরঞ্জিত সেনগুপ্ত কথা কম বলতে প্রধান বিচারপতিকে বলেছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, সুয়োমটোও হয়নি।
পরে আরাফাত রহমানের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক মোনাজাত পরিচালনা করেন। এ সময় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, সরকার খালেদা জিয়াকে হেয় করার জন্য একের পর এক মামলা দিচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, খালেদা জিয়া কি ফেরারি? তাঁর কি পরিচয় নেই? তিনি তিনবারের প্রধানমন্ত্রী এবং মুক্তিযোদ্ধা। তাঁর বাড়ির ফটকে সমন না টানিয়ে সম্মানজনক ব্যবস্থা করা কি যেত না?
বিএনপির এই নেতা বলেন, মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে রাষ্ট্রদ্রোহের লেশমাত্র নেই।
অল কমিউনিটি ফোরাম নামের একটি সংগঠন এ আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন।