প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর বক্তব্য 'রাজনৈতিক মাস্তানি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যকে ‘চরম ঔদ্ধত্যপূর্ণ, হুমকিমূলক ও রাজনৈতিক মাস্তানি’ বলে দাবি করেছে বিএনপি।
গতকাল রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের এই প্রতিক্রিয়া জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দুই মন্ত্রীর বক্তব্য “ফেনীর হাজারী কালচারের” বহিঃপ্রকাশ। মাননীয় প্রধান বিচারপতিকে নিয়ে মন্ত্রীদ্বয়ের বক্তব্য ধৃষ্টতাপূর্ণ, উসকানিদানকারী, দুরভিসন্ধিমূলক চক্রান্তের পথে অগ্রসর হওয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’
গত শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর আপিল বিষয়ে তীব্র সমালোচনামূলক বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। খাদ্যমন্ত্রী এই মামলার পুনঃশুনানির দাবি করেন এবং তাতে প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে অংশ না নেওয়ার পরামর্শ দেন।
বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত, তিনি বিএনপি-জামায়াতের সুরে কথা বলছেন’ বলে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী যে মন্তব্য করেছেন, তা রাষ্ট্রের একটি স্বতন্ত্র অঙ্গ হিসেবে বিচার বিভাগের স্বাধীনতার ওপর অবৈধ শাসক গোষ্ঠীর নগ্ন হস্তক্ষেপ। তাঁদের বক্তব্য আদালত অবমাননা। তিনি দাবি করেন, ‘বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে না নিতে পেরে আওয়ামী মন্ত্রী-নেতারা হুমকি ও ধমকের আশ্রয় নিয়েছেন। মাননীয় প্রধান বিচারপতিকে নিয়ে মন্ত্রীদ্বয়ের এই বক্তব্য বর্তমান অবৈধ সরকারের একদলীয় শাসনের যাত্রাপথে চূড়ান্তভাবে সব সীমানা লঙ্ঘন করল।’
ইউপি নির্বাচন নিয়ে অভিযোগ: সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্লিপ্ততার সুযোগে সরকারদলীয় লোকজনের বাধার কারণে প্রথম পর্বের ইউপি নির্বাচনে ৮৩ জন এবং দ্বিতীয় পর্বে ৫৮ জন বিএনপির চেয়ারম্যান প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এ কারণে দুই পর্বে মোট ১৭৮টি ইউপিতে বিএনপির প্রার্থী নেই।