প্রধান বিচারপতির পদত্যাগ চায় তরিকত

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের পর্যবেক্ষণে বঙ্গবন্ধু এবং সাংসদদের নিয়ে ‘অবমাননাকর’ বক্তব্য দেওয়ায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ক্ষমা চেয়ে পদত্যাগ করার দাবি জানিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি এই দাবি জানান।
একই সঙ্গে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, পর্যবেক্ষণে সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে তিনি এ নিয়ে মামলা করতেও আগ্রহী। তাঁর আইনজীবীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।
এ সময় নজিবুল বশর রায়ের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে বলেন, সেখানে বঙ্গবন্ধুকে কটাক্ষ করা হয়েছে। সাংসদদের নিয়ে অবমাননাকর কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, তাঁরা রায়ের বিরুদ্ধে নয়। পর্যবেক্ষণ ও প্রধান বিচারপতির বিরুদ্ধে কথা বলছেন। তাঁরা মনে করেন, এই পর্যবেক্ষণ চক্রান্তের ফসল।
লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব এম এ আউয়াল অনতিবিলম্বে এই রায়ের বিরুদ্ধে রিভিউ করতে সরকারের প্রতি দাবি জানান।