আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্রধান বিচারপতির বক্তব্য উসকানিমূলক। রাজনীতি যখন স্থিতিশীল হয়ে আসছে, তখন তিনি এ ধরনের কথা বলছেন। গতকাল মঙ্গলবার এ প্রসঙ্গে সাংসদ রুস্তম আলী ফরাজীর সূত্রপাত করা অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
গতকালের এই আলোচনায় আরও অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী। প্রধান বিচারপতি হিসেবে নিজের দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তিতে ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এক বাণীতে বিচারপতি এস কে সিনহা বলেছিলেন, অবসরে যাওয়ার পর বিচারকদের রায় লেখা সংবিধান পরিপন্থী। পরে মৌলভীবাজারে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘অবসরে যাওয়ার পর আমি কোনো পাবলিক ডকুমেন্টে হাত দিতে দেব না। অবসরে যাওয়ার পর বিচারকের রায় লেখার জন্য কেন ব্যক্তিগত ইন্টারেস্ট থাকবে। এটা কোর্ট দেখবে। এখানে একটা ভুল নীতি চলে আসছে। আমি এই ভুল করতে দেব না। আমাদের সংশোধন হতে হবে।’
এ বিষয়ে গতকালের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘প্রধান বিচারপতি সাধারণের সামনে বলে বসলেন নির্বাহী বিভাগ বিচার বিভাগের ক্ষমতা নিয়ে নিচ্ছে। এই কথা বলা শপথের পরিপন্থী। আমরা স্তম্ভিত হয়ে গেলাম। এর পরেই বলে বসলেন, অবসরের পর রায় লিখলে অসাংবিধানিক। এটা যদি অসাংবিধানিক হয়, তাহলে রাষ্ট্রের ভিত্তিগুলো অসাংবিধানিক হয়ে যায়। এমনকি তিনি নিজেও। এ ধরনের কোনো কথা বিচার বিভাগ থেকে আসার পরে দেশটা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে সরকারবিরোধীরা বলে বসল, এই সরকার অবৈধ। রাজনীতি যখন স্থিতিশীল হয়ে আছে, তখন তাঁর এই কথা উসকানিমূলক। অকারণে এটি তোলা সত্যিই সবাইকে বিব্রত করার বিষয়। আতঙ্কও সৃষ্টি করেছে।’
সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, যে রেওয়াজ চলে আসছে, সেটা চলবে। তবে তিনি চাইলে সুপ্রিম কোর্টের বিধিবিধান সংশোধন করতে পারেন। কিন্তু যে রায় হয়ে গেছে, তা নিয়ে তাঁর প্রশ্ন তোলার অধিকার নেই। প্রশ্ন যখন তোলেন, তখনই মানুষ মনে করে তাঁর কোনো এজেন্ডা আছে। নিশ্চয়ই কোনো অসাংবিধানিক শক্তির সঙ্গে আঁতাত করে সাংবিধানিক শক্তি এ কথা বলছে।
আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অবসরের পর বিচারপতিদের রায় লেখা অসাংবিধানিক বা বেআইনি নয়। অবসরের পর রায় লেখা অসাংবিধানিক বলে প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন, তা দুঃখজনক। এই বক্তব্য দিয়ে তিনি বিতর্ক তৈরি করেছেন। প্রধান বিচারপতির মন্তব্য সম্পর্কে আইনি ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, প্রধান বিচারপতি বলেছেন অবসরের পর রায় লেখা অসাংবিধানিক ও বেআইনি। কিন্তু সংবিধানের কোথাও নেই যে অবসরের পর রায় লেখা যাবে না। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিধিতে বলা আছে, রায়ের আদেশের অংশ উন্মুক্ত আদালতে দিতে হবে। যত দূর সম্ভব এজলাসে বসে দিতে হবে। কিন্তু কোনো বিচারপতি যদি মামলার চাপে সময়মতো না দিতে পারেন, সে ক্ষেত্রে তিনি অবসরের পরও দিতে পারেন। এটি বিশ্বব্যাপী রেওয়াজ। সুতরাং অবসরের পর রায় দেওয়া বেআইনি নয়। আইনমন্ত্রী বলেন, তাঁর (প্রধান বিচারপতি) বক্তব্য ষড়যন্ত্রকারীরা লুফে নিয়েছে। এটা নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। তবে প্রধান বিচারপতি বলেছেন, কোনো রায় বাতিল হবে না।
আবদুল মতিন খসরু বলেন, অবসরের পর মামলার রায় লেখার সুযোগ থাকাটা রেওয়াজ। প্রধান বিচারপতির এভাবে কথা বলা ঠিক হয়নি। একই কথা তিনি বারবার বলে যাচ্ছেন। তিনি যা ইচ্ছা তা বলতে পারেন না। তবে তাঁর বক্তব্য ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা হতে পারে। কারণ, রায় লেখার ক্ষেত্রে একজন বিচারপতি দু-তিন মাস সময় নিতে পারেন। দেড় বছর, দুই বছর, তিন বছর লাগাতে পারেন না।