অবসরে যাওয়ার পর রায় লেখা নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার বক্তব্যে সরকারের ভেতরে ‘ভূকম্পন’ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া নাগরিক ফোরাম নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
মাহবুবুর রহমান বলেন, প্রধান বিচারপতি সাহস করে তাঁর ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, সেটি মনে রেখে সত্য কথা বলেছেন।
প্রধান বিচারপতির ওই বক্তব্যের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনী এবং তার ভিত্তিতে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন ও বর্তমান সরকার—সবই অবৈধ হয়ে গেছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দেশে এখন গণতন্ত্রের সংকট চলছে। বাংলাদেশ গণতন্ত্রের স্বাদ হারিয়ে ফেলেছে। গণতন্ত্রকে বাদ দিয়ে উন্নয়ন চোরাবালির মতো।