প্রধান বিচারপতির বক্তব্যের প্রতিবাদ আইনজীবী সমিতির
শুনানিতে মামলার বিষয় আইনজীবীরা স্পষ্ট করতে না পারায় ৬০ থেকে ৭০ শতাংশ মামলায় হার হয়—প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির পক্ষে এ প্রতিবাদ জানান সংগঠনের সাধারণ সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন খোকন আরও দাবি করেন, মামলায় হারের জন্য শুধু আইনজীবীদের এককভাবে দায়ী করলে চলবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচারকদেরও দক্ষতা-যোগ্যতার বিষয় আছে।
সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমরা বিনয়ের সঙ্গে প্রধান বিচারপতির এই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। আমরা আইনজীবীরা সব সময় চেষ্টা করি। কিন্তু এখানে রাষ্ট্রের ভূমিকা অনেক, রাষ্ট্র সে ভূমিকা পালন করতে ব্যর্থ। দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। কিন্তু বার কাউন্সিলে রাষ্ট্র থেকে কখনো আর্থিক পৃষ্ঠপোষকতা করা হয় না। আইনজীবীদের আর্থিক নিরাপত্তা বা প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র কোনো ভূমিকা পালন করে না।’
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘প্রধান বিচারপতির বক্তব্যে আমরা সারা দেশের আইনজীবীরা অসম্মানিত হয়েছি। তাঁর এ বক্তব্য সঠিক নয়। প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে আজ (রোববার) এ বিষয়ে আমাদের মনোভাব জানিয়ে এসেছি।’ খোকন জানান, তিনিসহ আইনজীবী সমিতির পাঁচ সদস্যের একটি দল রোববার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে এ বিষয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন।
গত শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ‘আইনের শাসন প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকেরা কতটা ভূমিকা নিতে পারবেন তা নির্ভর করে আইনজীবীদের ওপর। আইনজীবীরাই হচ্ছেন “আর্কিটেক্ট”। কিন্তু প্রায় ক্ষেত্রেই দেখা যায়, শুনানির সময় মামলার প্রধান বিষয়টি তাঁরা স্পষ্ট করতে পারেন না। এই কারণে ৬০ থেকে ৭০ শতাংশ মামলায় হার হয়।’