প্রধান বিচারপতির বিচার হবে জনতার আদালতে: হাছান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতির বিচার জনতার আদালতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, প্রধান বিচারপতির বিরুদ্ধে জনতার আদালত তৈরি হচ্ছে। তাঁর অপরাধের খতিয়ান বেরিয়ে আসছে।

গতকাল সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে হাছান মাহমুদ এসব কথা বলেন।

প্রধান বিচারপতির উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘আপনি এই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন অনেক আগে। আপনি শুধু সংবিধান লঙ্ঘনের অপরাধে নয়, শুধু শপথ ভঙ্গের অপরাধে নয়, দুর্নীতিবাজ বিচারকের বিরুদ্ধে দুদকের কার্যক্রম স্থগিত করার অপরাধে দুদক আইনের ৫ ধারা অনুযায়ী অপরাধ করেছেন।’

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সলান ছাড়াও কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, স্বাচিপের মহাসচিব অধ্যাপক এম এ আজিজ প্রমুখ।